৯ মাসে ৫ 'মাদক ব্যবসায়ী'র লাশ
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার দারিয়াপুর থেকে গত বৃহস্পতিবার সকালে আনিসুর রহমান ওরফে খোকন (৩৮) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, আনিসুর ব্রাহ্মণবাড়িয়া শহরের চিহ্নিত ও শীর্ষ মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে সদর থানায় ১১টি মামলা রয়েছে।
এ নিয়ে গত নয় মাসে জেলায় পাঁচজন মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ পাওয়া গেল। একই সময়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন তিন ‘মাদক ব্যবসায়ী’। পুলিশ বলছে, নিহত ব্যক্তিরা সবাই মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
আনিসুর আশুগঞ্জ উপজেলার তালশহর এলাকার লুৎফুল হাকিমের ছেলে। তিনি শহরের কলেজপাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার দাড়িয়াপুর এলাকার মূল সড়কের পাশে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আনিসুরের স্ত্রী ইয়াসমিন বেগম বলেন, কয়েক দিন ধরে তাঁর স্বামী বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। তাঁর স্বামী মাদকের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, উদ্ধারের পর নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। পরে স্থানীয় লোকজন ও গণমাধ্যমকর্মীর মাধ্যমে গুলিবিদ্ধ ওই ব্যক্তি শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী আনিসুর রহমান বলে জানা গেছে।
পুলিশ সুপার মিজানুর রহমান ব্রাহ্মণবাড়িয়ায় যোগদানের পর মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থা ঘোষণা করেন। গত ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মাদক ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, পুলিশ জেলায় ৪০ জন শীর্ষ মাদক ব্যবসায়ীর নামের তালিকা তৈরি করেছে। পুলিশ ইতিমধ্যে জেলার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। সম্প্রতি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত মাদক ব্যবসায়ীর নাম ওই তালিকায় রয়েছে বলেও জানান তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৬ মার্চ সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ভাতশালা রেলস্টেশন এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কাউসার ভূঁইয়া (৪৫), ১ মার্চ রাতে ঢাকা-সিলেট রেলপথের বিজয়নগর উপজেলার মেরাশানী বাজার এলাকায় নুরুল ইসলাম ওরফে নুরু এবং ২০১৬ সালের ২২ আগস্ট রাতে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় রহিজ উদ্দিন ওরফে রহিজ্জা (৪৫) নামের মাদক ব্যবসায়ী নিহত হন।
লাশ উদ্ধার
পুলিশ সূত্রে জানা গেছে, ২৮ মার্চ মো. রিপন মিয়া (৩৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ কসবা থেকে উদ্ধার করে পুলিশ। এর আগে ১৭ মার্চ কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকা থেকে দেলোয়ার হোসেন ওরফে দেলু (৩৭), ৬ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা সরকারি শিশু পরিবার এলাকা থেকে আল আমিন (২৮), ২০ ফেব্রুয়ারি বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শ্যামলী ঘাট এলাকা থেকে মোশাররফ হোসেনের (৪১) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার বলেন, ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ৫-১০টি করে মাদকের মামলা রয়েছে। যাঁদের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁদের অবস্থাও একই রকম। মাদকের ছোবল থেকে জেলাকে রক্ষা করতে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে জড়িত যে-ই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সদস্যসচিব এ কে এম শিবলি বলেন, যেকোনো ঘটনার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই স্বীকৃতি পেতে পারে না। আর বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ার এবং অপমৃত্যু কোনোভাবেই কাম্য নয়। আইন সবার জন্যই সমান। এভাবে সমাজ থেকে মাদক ব্যবসা কমবে না। বরং সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হবে। যারা মাদক ব্যবসায়ী, তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। আর বিচারের জন্য আদালত রয়েছে।