৯ লাখ ইয়াবা বড়ি উদ্ধার
নাফ নদী দিয়ে বাংলাদেশে পাচারকালে নয় লাখ ইয়াবা বড়িসহ একটি নৌকা উদ্ধারের দাবি করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এটি টেকনাফে কোস্টগার্ডের সর্বোচ্চ বড় চালান আটকের ঘটনা।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে এসব তথ্য জানান কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোন ঘাঁটির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস এম মাঈন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমান।
কমান্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমান জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আটটার দিকে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের একটি বিশেষ টহল দল শাহপরীর দ্বীপ জেটিসংলগ্ন এলাকায় নাফ নদীতে অবস্থান নেয়। পরে মিয়ানমার থেকে আসা নৌকাটি নাফ নদীর মোহনায় পৌঁছালে এটিকে থামানোর সংকেত দেওয়া হয়। এ সময় পাচারকারীরা নৌকাটি শাহপরীর দ্বীপ বদরমোকাম এলাকার কাদামাটিতে উঠিয়ে পালিয়ে যায়। পরে নৌকায় থাকা ছয়টি বস্তা উদ্ধার করে নৌকাটি জব্দ করা হয়। ওই বস্তার ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নয় লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
বড় বড় ইয়াবার চালান জব্দের ঘটনায় কেন পাচারকারীরা ধরা পড়ছে না, জানতে চাইলে লেফটেন্যান্ট নাফিউর রহমান বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করি পাচারকারীদের আটক করতে। কিন্তু গতকাল (মঙ্গলবার) অমাবস্যার অন্ধকার থাকার পাশাপাশি কূলে কাদামাটিতে নৌকাটি উঠিয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো গডফাদারকে চিহ্নিত করা সম্ভবও হয়নি। উদ্ধার করা ইয়াবার দাম ৪৫ কোটি টাকা। উদ্ধার করা ইয়াবা বড়ি ও নৌকাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।