৯ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় পণ্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে তল্লাশি চালিয়ে এক মাসে প্রায় ৯ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে পুলিশ। ট্রেনে চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এ তল্লাশি চালানো হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেনে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত আছে। গত আগস্ট মাসে ট্রেন থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়েছে। ওই সব চোরাই মালামালের দাম ৯ লাখ ৭৯ হাজার ৯০০ টাকা। আটক পণ্যের মধ্যে রয়েছে নিষিদ্ধ ফেনসিডিল, মদ, জিরা, শাড়ি, ওড়না, লেহেঙ্গা, থ্রি-পিস, ট্যাবলেট, গ্লাস, সসপেন, বিট লবণ, পলিথিন, শার্ট, হরলিক্স, পোস্তদানা, পাউডার, মিনি শ্যাম্পু ইত্যাদি।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান বলেন, যাত্রীদের সার্বিক নিরাপত্তা দেওয়াসহ ট্রেনে পুলিশের চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ প্রতিটি ট্রেনে যাত্রীদের গতিবিধির ওপর কঠোর নজরদারি রেখেছে। সন্দেহ হলেই যাত্রীদের সব ধরনের লাগেজ ও ব্যাগ তল্লাশি করা হয়। এতে প্রায় প্রতিদিনই উদ্ধার হয় ভারতীয় চোরাই পণ্য।
ওসি বলেন, এ অভিযানের ফলে ট্রেনে চোরাচালানিদের দৌরাত্ম্য অনেকটাই কমে গেছে।