মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পে লুটপাট নিয়ে তদন্ত প্রতিবেদন
৯টি ঘেরের অস্তিত্ব মেলেনি, ১০ কোটি টাকা আত্মসাৎ
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্প এলাকায় নয়টি চিংড়িঘেরের কোনো অস্তিত্ব পাননি তদন্তকারীরা। অথচ এসব ঘেরের বিপরীতে চিংড়ির ক্ষতিপূরণের নাম করে প্রকল্পের কার্যক্রমের শুরুতেই অন্তত ১০ কোটি টাকা আত্মসাৎ করা হয়।
তাপবিদ্যুৎ প্রকল্পের ২৩ কোটি টাকা লুটপাটের অভিযোগের ওপর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে নয়টি ঘেরের অস্তিত্ব না থাকার কথা বলা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুস সোবহানকে প্রধান করে গত বছরের সেপ্টেম্বর মাসে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়েছিল। কমিটি গত ২৮ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন জমা দেয়। কমিটির বাকি দুই সদস্য হলেন জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ারুল নাসের।
জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কার্যালয় ও স্থানীয় অধিবাসীদের সূত্রে জানা গেছে, মহেশখালীর মাতারবাড়ী ও ধলঘাটা এলাকায় এক হাজার ৪১৪ একর জমির ওপর প্রায় ৩৬ হাজার কোটি টাকায় ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প নির্মাণাধীন রয়েছে। জমি অধিগ্রহণের বিপরীতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ২৩৭ কোটি টাকা। ইতিমধ্যে চিংড়িঘেরের ক্ষতিপূরণের নামে এই বরাদ্দের প্রায় ২৩ কোটি টাকা লুটপাট করা হয়েছে।
এ নিয়ে গত ১৮ নভেম্বর প্রথম আলোয় ‘শুরুতে লুট ২২ কোটি টাকা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর লুটকৃত টাকা ফেরত চেয়ে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বাদী হয়ে কক্সবাজার আদালত ও কক্সবাজার সদর থানায় ২০ ব্যক্তির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন।
অন্যদিকে, মাতারবাড়ীর চিংড়িচাষি কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে ২৩ কোটি টাকা লুটপাটের দায়ে জেলা প্রশাসক মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে দুটি মামলা করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলা দুটি তদন্ত করছে।
প্রতিবেদনে যা আছে: যে ২৫টি চিংড়িঘেরের নাম করে টাকা লুট করা হয়েছে সেগুলোর নয়টির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। উপজেলার ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ বাচ্চুর ২০ একর জমির মুহুরিঘোনা চিংড়িঘেরেরও অস্তিত্ব পাননি তদন্তকারীরা।
এদিকে তদন্ত প্রতিবেদনে আহসান উল্লাহর ঘেরেরও অস্তিত্ব পাওয়া যায়নি। ওই ঘের বাবদ তিনি গত বছর ২০ আগস্ট ৬৮ লাখ ৫৮ হাজার ৫৬১ টাকা তুলে নেন। এ প্রসঙ্গে আহসান উল্লাহ বলেন, ‘চিংড়িঘের আছে বলেই আমাকে ৬৮ লাখ ৫৮ হাজার টাকার ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছিল। সেই টাকা ব্যাংক থেকে উত্তোলনও করা হয়েছে। এখন তদন্ত প্রতিবেদনে ওই চিংড়িঘের না থাকলে করার কিছু নাই।’
প্রতিবেদনে মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ঘেরেরও অস্তিত্ব মেলেনি। রুস্তমের দোনা চিংড়িঘেরের ক্ষতিপূরণ বাবদ রফিকুল ইসলামও ২ কোটি ২২ লাখ ৯০ হাজার ৩২৫ টাকা তুলে নেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চিংড়িঘেরের বিপরীতে বৈধ কাগজপত্র দাখিল করার পরই ওই টাকার চেক দেওয়া হয়। এখন রহস্যজনক কারণে তদন্ত প্রতিবেদনে আমার ঘেরের নাম রাখা হয়নি। এ ব্যাপারে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।’
প্রতিবেদনে বাকি যে ঘেরগুলোর অস্তিত্ব পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়, তার মধ্যে আছে ৩৮ একরের উত্তর মুহুরি ঘোনা-মগডেইল্যা ঘোনা, ১০ একরের মফিজের বাইরের ঘোনা, ২০ একরের রাঙ্গাখালী বাইরের দুটি ঘোনা, ১৮ একরের টিয়াখালীখাল ঘোনা, রাঙ্গাখালী ও রুস্তমের দোনার বাইরের ঘোনা এবং মুহুরি ঘোনা ট্যাকের ঘোনা। এসব অস্তিত্বহীন ঘেরের বিপরীতে চিংড়ির ক্ষতিপূরণ বাবদ ৭ কোটি ৩০ লাখ টাকা তুলে নেওয়া হয়।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, প্রতিবেদনে কিছু তথ্যগত ভুল রয়েছে। এসব সংশোধন করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।