কামরাঙ্গীরচরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৭ নম্বর ওয়ার্ডের ৯০ শতাংশ সড়কে সড়কবাতি নেই। আঁধার ঘনিয়ে এলেই মহল্লার সড়কগুলোতে ঘটছে ছিনতাইয়ের ঘটনা৷ অলিগলিতে বসে মাদকসেবীদের আড্ডা। দুর্ভোগ ও নিরাপত্তাহীনতায় রয়েছে বাসিন্দারা৷
কামরাঙ্গীরচরের মুসলিমবাগ, ইব্রাহীমনগর, বালুর মাঠ, হাসলাই, কয়লাঘাট, করিমবাগ, আহসানবাগ, মোমিনবাগ, নিজামবাগ, নুরবাগ, বাগচান খাঁ, মাদবর বাজার, রহমানবাগ, আশ্রাফাবাদ, মাদ্রাসাপাড়া, পশ্চিম মমিনবাগ, নিজামবাগ এলাকা নিয়ে ডিএসসিসির ৫৭ নম্বর ওয়ার্ড গঠিত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কবাতি না থাকায় সন্ধ্যার পর পথ চলতে টর্চ ব্যবহার করতে হয়। এই এলাকায় ছিনতাইয়ের ঘটনার সঙ্গে মাদকসেবীরা জড়িত।
ডিএসসিসির ৫৭ নম্বর ওয়ার্ড সূত্র জানায়, বর্তমানে এই ওয়ার্ডের প্রধান সড়ক আশ্রাফাবাদ রোডে ডিএসসিসির মাত্র ১৫টি বাতি রয়েছে। মাতবর বাজার সড়কে বাতি ২৫ থেকে ৩০টি। বাতিগুলো রক্ষণাবেক্ষণের জন্য ডিএসসিসির কোনো কর্মী নেই।
নাগরিকদের দুর্ভোগের কথা স্বীকার করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম বলেন, আগে এই ওয়ার্ডের একটি সড়কে ৪০ থেকে ৪৫টি বাতি ছিল। কিন্তু এক বছর ধরে এর অধিকাংশ বাতি নষ্ট হয়ে গেছে। নতুন বাতি লাগাতে ডিএসসিসির অঞ্চল-৩-এ চার-পাঁচবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এতে প্রতিদিন সন্ধ্যার পর মহল্লার অলিগলিতে যানবহনের দুর্ঘটনা এবং ছিনতাই ঘটছে। তিনি বলেন, ১৪ জানুয়ারি সদরঘাট-গাবতলী বেড়িবাঁধ সড়কসংলগ্ন রাস্তায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে৷ অথচ ওই জায়গাসহ ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ৪৪টি ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) বসানো হয়েছে। কিন্তু আলোর অভাবে সেগুলোতে ছবি আসছে না। গত সোমবার রাত নয়টায় দেখা যায়, কামরাঙ্গীরচরের ওই দুটি সড়ক ছাড়া অন্যান্য অলিগলিতে গাঢ় অন্ধকার। সড়ক ও গলিতে বাতি নেই। মাঝেমধ্যে সড়কসংলগ্ন কয়েকটি বাড়ির সামনে বাতি জ্বলতে দেখা গেছে। মুঠোফোনের বাতি ও টর্চ জ্বালিয়ে খানাখন্দে ভরা সড়কে চলাফেরা করছে স্থানীয় বাসিন্দারা। অন্ধকারে চলতে গিয়ে পথচারীদের হোঁচট খেতে হয়। এ ছাড়া এই ওয়ার্ড-সংলগ্ন সদরঘাট ও গাবতলী বেড়িবাঁধ সড়কেও কোনো বৈদ্যুতিক বাতি দেখা যায়নি৷
ডিএসসিসির অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম আনসারুজ্জামান বলেন, বর্তমানে ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে এলইডি বাতি লাগানোর কাজ চলছে৷ আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে কামরাঙ্গীরচরের ওই ওয়ার্ডে এলইডি বাতি লাগানো সম্পন্ন হবে৷