৯০০ লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
দিনাজপুরের ঘোড়াঘাটে পূর্বশত্রুতার জের ধরে টুইলা মুর্মু (৪৮) নামের এক ব্যক্তির ৯০০ উন্নত জাতের লাউগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে উপজেলার সিঙড়া ইউনিয়নের সিঙড়া আদিবাসীপাড়ায় এ ঘটনা ঘটে।
টুইলা মুর্মু বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়ে দুই মাস আগে নিজস্ব দেড় বিঘা জমিতে ৯০০ উন্নত জাতের ধরতি জাতের লাউ চাষ করেন। গাছে সবে লাউ ধরতে শুরু করেছে। গত সোমবার রাতে দুর্বৃত্তরা তাঁর ৯০০ লাউগাছের সবগুলোর গোড়া কেটে দেয়। এতে করে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে টুইলা জানান।
গতকাল মঙ্গলবার ভোরে টুইলা জমিতে গিয়ে সবগুলো লাউগাছের গোড়া কাট দেখতে পান। পরে স্থানীয়দের দেওয়া তথ্যমতে প্রতিবেশী জসিল মুর্মুকে (৫০) আটক করে রাখেন।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা জসিলকে তাঁর বাড়িতে আটকে রাখেন। বেলা ১১টার দিকে গ্রাম পুলিশ জসিলকে আটক করতে গেলে তিনি পালিয়ে যান।