৯৩টি পাসপোর্টসহ দালাল গ্রেপ্তার
রাজবাড়ীতে গতকাল সোমবার দুপুরে ৯৩টি পাসপোর্টসহ এক দালালকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ওই ব্যক্তির নাম নিতাই কুমার কণ্ডু (৪৮)। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কুণ্ডুপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে নিতাইয়ের বাড়ি থেকে বিভিন্ন ব্যক্তির ৯৩টি পাসপোর্ট জব্দ করা হয়। এ সময় তাঁকে আটক করা হয়। বিকেলে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
নিতাই কুমার কণ্ডু বলেন, তিনি পাসপোর্ট তৈরিতে সহায়তা করার কাজে যুক্ত রয়েছেন। তবে অন্যের পাসপোর্ট নিজের কাছে রাখা আইনত অপরাধ, বিষয়টি তিনি জানতেন না।
রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক প্রবীর বড়ুয়া বলেন, ‘আমরা পাসপোর্ট করতে আসা গ্রাহকের কাছে টোকেন দিয়ে দিই। টোকেন জমা নিয়ে পাসপোর্ট বুঝিয়ে দিই। এরপর আমাদের আর করণীয় কিছুই থাকে না।’
এএসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, পাসপোর্ট কার্যালয়ে যদি আরও কোনো দালাল থাকেন তবে তাঁদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।