৯৬ প্রতিষ্ঠানের ৭৮টিরই লাইসেন্স নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে খাওয়ার পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উৎপাদনের লাইসেন্স আছে মাত্র ১৮টি প্রতিষ্ঠানের। আর ২৬টি প্রতিষ্ঠানের লাইসেন্সের বিষয়টি প্রক্রিয়াধীন। এর বাইরে অনেক প্রতিষ্ঠান অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে।
চিটাগাং ড্রিংকিং ওয়াটার ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী, চট্টগ্রামে এখন ৯৬টি প্রতিষ্ঠান বৈধ-অবৈধভাবে পানি উৎপাদন করছে। এর বাইরেও আরও প্রতিষ্ঠান থাকতে পারে।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গৌতম কান্তি চন্দ বলেন, তাঁদের অনুসন্ধানে চট্টগ্রাম নগরে ৫২টি অবৈধ প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া গেছে।
অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী, গড়ে প্রতিদিন নগরে ২০ থেকে ২৫ হাজার পানির জার বিক্রি হয়। একেকটি জারে ২০ লিটার পানি ধরে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, হোটেল রেস্তোরাঁ, এমনকি অনেক বাড়ির বাসিন্দাও প্রতিদিন এসব পানি পান করছে।
বিএসটিআই সূত্র জানায়, খাওয়ার পানি উৎপাদনের জন্য বিএসটিআইয়ের লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। কিন্তু অনেক অসৎ মুনাফালোভী ব্যক্তি লাইসেন্স না নিয়েই পানির ব্যবসায় নেমে পড়েছেন। এদের অনেকেই আবার পানির জারে বিএসটিআইয়ের ভুয়া সিল ব্যবহার করছেন। এই অপরাধে গত বুধবার আশকারদীঘিরপাড় এলাকায় অবস্থিত ‘এইচটুও’ নামের একটি অবৈধ পানির কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার নগরের চকবাজার সৈয়দ শাহ সড়কের লাইসেন্সবিহীন ‘শাবা ড্রিংকিং ওয়াটার’-এর কারখানায় গিয়ে দেখা যায়, প্রতিটি জারের গায়ে বিএসটিআইয়ের সিল ব্যবহার করা হচ্ছে। লাইসেন্স না থাকার পরও কেন ব্যবহার করছেন—এ প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক পরিচয় দেওয়া এক ব্যক্তি বলেন, লাইসেন্সের বিষয়টি প্রক্রিয়াধীন। এক বছর আগে লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে। প্রতিষ্ঠানের মালিক শোয়েব খালেদ মুঠোফোনে বলেন, গত সপ্তাহে লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে এবং তিনি প্রতিষ্ঠানটি অন্য একজনের কাছে ভাড়া দিয়েছেন। তবে জারের গায়ে বিএসটিআইয়ের সিল ব্যবহারের বিষয়টি তিনি অস্বীকার করেন।
বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও উপপরিচালক শওকত ওসমান প্রথম আলোকে বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় আমরা অবৈধ কারখানাগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করছি।’
বিএসটিআই সূত্র জানায়, পানি অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে ঘোষিত হওয়ায় এর লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি রয়েছে। ওয়াসার লাইসেন্স, সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের সনদ, ট্রেড লাইসেন্স, ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইত্যাদি জোগাড় শেষে বিএসটিআইতে লাইসেন্স পাওয়ার আবেদন করতে হয়। আবেদন করার পর বিএসটিআই থেকে সংশ্লিষ্ট কারখানার পরিবেশ, উৎপাদিত পানির মান, কারখানার পানি বিশুদ্ধকরণ যন্ত্রপাতি ইত্যাদি পরীক্ষা করে দেখা হয়।
লাইসেন্সধারী পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে, বৈধভাবে এক জার পানি উৎপাদনে ন্যূনতম ৪২ টাকা ৭০ পয়সা খরচ হয়। আর অবৈধ প্রতিষ্ঠানগুলোর প্রতি জারে উৎপাদন খরচ ১৫ থেকে ২০ টাকা কম পড়ছে। তাদের কোনো লাইসেন্স ফি দিতে হচ্ছে না। এমনকি অনেক প্রতিষ্ঠান পানি বিশুদ্ধকরণ যন্ত্রও স্থাপন করছে না। অনেক ক্ষেত্রে সরাসরি ওয়াসার লাইনের পানি জারে ভরে বিক্রি করার উদাহরণও রয়েছে। বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালতের চালানো অভিযানে এসব চিত্র ধরা পড়েছে।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রামের সভাপতি নাজের হোসাইন বলেন, বিএসটিআই, সিটি করপোরেশন বা জেলা প্রশাসনের এ ব্যাপারে আরও দায়িত্বশীল হওয়া উচিত।