মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা ১৫৯ জন অভিবাসীর মধ্যে ১৪২ জনকে গতকাল বুধবার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে ছেড়ে দিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিবাসীদের জিজ্ঞাসাবাদে ১২ জেলার ৯৭ জন মানব পাচারকারী দালালের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এর আগে ১৭ কিশোর অভিবাসীকে বাড়ি পৌঁছে দেয় রেড ক্রিসেন্ট সোসাইটি।
পুলিশ জানায়, ছেড়ে দেওয়ার পর অভিবাসীরা একাধিক বাসে করে বাড়ির পথে রওনা দেন।
গতকাল বুধবার বাসে ওঠার আগে চট্টগ্রামের বাঁশখালীর মো. মামুন বলেন, মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দিয়ে চট্টগ্রামের পতেঙ্গার দালাল হামিদ তাঁকে ২১ মার্চ কক্সবাজার নিয়ে আসে। সেখান থেকে টেকনাফ নিয়ে আরেক দালালের কাছে তাঁকে বিক্রি করে দেওয়া হয়। রাতে দালালেরা জোর করে তাঁকে ট্রলারে তুলে দেয়। ট্রলারে করে মালয়েশিয়ার যাওয়ার সময় ২৯ মে মিয়ানমার উপকূল থেকে তাঁদের উদ্ধার করে সেখানকার নৌবাহিনী।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ প্রথম আলোকে জানান, গত সোমবার মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা ১৫৯ জন অভিবাসীকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রেখে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জিজ্ঞাসাবাদ করেন। এ সময় কক্সবাজার, নরসিংদী, নারায়ণগঞ্জ, ফরিদপুরসহ ১২ জেলার ৯৭ জন মানব পাচারকারী দালালের নাম পাওয়া গেছে। এখন পুলিশ দালালদের ধরতে মাঠে নেমেছে। তবে তদন্তের স্বার্থে তিনি দালালদের নাম জানাতে রাজি হননি।