৯৭ লাখ টাকার কাজ ভাগাভাগির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৯৭ লাখ টাকার কাজ ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সমঝোতার মাধ্যমে ছয়টি প্যাকেজের জন্য ১৮টি দরপত্র দাখিল করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার জানান, ভাগ-বাঁটোয়ারার জন্য গত বুধবার রাত আটটার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ক্ষমতাসীন দলের এক নেতার শহরের একটি কার্যালয়ে বৈঠকে বসেন। তিন-চার ঘণ্টা চলে সমঝোতা বৈঠক। পরে তাঁরা নিজেরা লটারি করে কাজ ভাগাভাগি করেন। ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা ও পৌরসভার কয়েকজন কাউন্সিলর এ কাজের নিয়ন্ত্রণ করে। যাঁরা কাজ নিয়েছেন তাঁদের ১৫ শতাংশ টাকা দলীয় তহবিলে জমা দিতে হয়েছে।
ওই ঠিকাদাররা আরও জানান, একটি কাজের জন্য কমপক্ষে তিনটি দরপত্র দাখিলের নিয়ম রয়েছে। সে জন্য ছয়টি প্যাকেজে মাত্র তিনটি করে ১৮টি দরপত্র জমা পড়েছে।
রায়পুর পৌরসভা কার্যালয় সূত্র জানায়, পৌরসভার বিভিন্ন সড়কের উন্নয়ন ও সংস্কার এবং একটি ছোট সেতু নির্মাণের জন্য গত ১৪ এপ্রিল ৯৭ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। মোট ছয়টি প্যাকেজের (গ্রুপ) মাধ্যমে এ দরপত্র আহ্বান করা হয়। শিডিউল বিক্রির শেষ দিন ছিল গত বুধবার। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, প্রকৌশলীর কার্যালয় ও পৌরসভা কার্যালয় থেকে প্রায় ৪০টি শিডিউল বিক্রি করা হয়। নিয়ন্ত্রণ বা সমঝোতা না করলে শতাধিক শিডিউল বিক্রি হতো।
রায়পুর পৌরসভার সহকারী প্রকৌশলী ও দরপত্র আহ্বান কমিটির সদস্যসচিব জুলফিকার হোসেন বলেন, ‘ভাগ-বাঁটোয়ারা হয়েছে কি না, সেটা আমাদের জানার বিষয় নয়। ছয়টি প্যাকেজে তিনটি করে মোট ১৮টি দরপত্র জমা পড়েছে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মামুনুর রশিদ মুঠোফোনে গতকাল প্রথম আলোকে বলেন, ‘ভাগ-বাঁটোয়ারার বিষয়টি সঠিক নয়। তবে ঠিকাদারেরা নিজেদের মধ্যে লটারি করে কাজ নিয়েছেন। দলীয় তহবিলের নামে কোনো টাকা নেওয়া হয়নি।’
জানতে চাইলে পৌরসভার মেয়র এ বি এম জিলানী বলেন, দরপত্র কিনতে পারেননি বা জমা দিতে বাধা দিয়েছেন—এই অভিযোগ কেউ করেননি। নিয়মতান্ত্রিকভাবে দরপত্র জমা হয়েছে।