প্রেম না মানায় তরুণ-তরুণীর আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে গতকাল মঙ্গলবার বিষপানে নবীর হোসেন (১৮) ও রেহানা আক্তার (১৬) নামের দুজন মারা গেছে। তারা পাশাপাশি বাড়িতে থাকত। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাউড়া গ্রামের ছৈয়াল বাড়ির আজিজ উল্যার ছেলে নবীর হোসেন ও হাজি বাড়ির আবদুল হাকিমের মেয়ে রেহানা আক্তারের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু দুই পরিবারের কেউই এ সম্পর্ক মেনে নেয়নি। গতকাল আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে তারা একটি মাঠে বসে কীটনাশক পান করে। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়। পরে নবীর ও রেহানার পরিবার তাদের লাশ নিজ নিজ বাড়িতে নিয়ে যায়।

হাজীগঞ্জ থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে আজ হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। লাশ দুটির ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

৫নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রহমান মজুমদার বলেন, ‘ছেলে-মেয়ের সম্পর্কের বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্ব ছিল বলে আমি শুনেছি। মেয়েটি হাজীগঞ্জ পাইলট হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। ছেলেটি বেকার ছিল।’

নবীর হোসেনের ভাই কবির হোসেনের অভিযোগ, সম্পর্কের কারণে ২৩ নভেম্বর রেহেনার মা ও দুই ভাই তাকে (রেহানা) বেধড়ক মারধর করে। ওই সময় রেহানা পায়ে গুরুতর আঘাত পায়। তখন মেয়েটি তার মা-বাবাকে আত্মহত্যা করবে বলে হুমকি দিয়েছিল।

তবে রেহেনার ভাই রাহিম এ ধরনের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি। নবীর হোসেন কীটনাশক এনে আমার বোনকে খবর দিয়ে নিয়ে গেছে। পরে দুজনে কীটনাশক পান করে। তাদের সম্পর্ক নিয়ে ছয় মাস ধরে দুই পরিবারে মধ্যে ঝামেলা চলছে।’

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, মেয়েটি দুবার ছেলের বাড়িতে পালিয়ে গেছে। শেষবার মেয়ের অভিভাবক পুলিশের কাছে এসেছিল। তখন মেয়েকে ছেলের বাড়ি থেকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে উভয়পক্ষ প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।