' র্যাব পরিচয়ে অপহরণ-ছিনতাই করত চক্রটি'
মুন্সিগঞ্জে নুরুল ইসলাম নামের অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণে জড়িত চক্রটি আন্তজেলা অপহরণ ও ছিনতাইকারী দল। এই চক্র কখনো গোয়েন্দা দলের সদস্য, আবার কখনো র্যাব পরিচয় দিয়ে আরও এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে মুন্সিগঞ্জের পুলিশ সুপার বিজয় বিপ্লব তালুকদার সংবাদ সম্মেলনে বলেছেন।
নুরুল ইসলামকে অপহরণের ২৪ ঘণ্টা পর গতকাল সোমবার পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। অপহরণকারী মিন্টুকে গতকাল পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জের ইসলামী ব্যাংক থেকে অবসর নেওয়া ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলাম (৬০) গত রোববার দুই লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথে মুন্সিগঞ্জ শহরের থানারপুল এলাকা থেকে অপহৃত হন। একটি মাইক্রোবাসে করে নিয়ে যাওয়ার সময় সিপাহীপাড়া থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ অপহরণকারী মিন্টুকে গ্রেপ্তার করা হয়। তবে দুই লাখ টাকা নিয়ে বাকি অপহরণকারীরা পালিয়ে যায়।