'...সুযোগমতো মাইরা গেল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখিল চন্দ্র হত্যা
নিখিল চন্দ্র হত্যা

‘এত দিন ঝিম মাইরা আছিল, সুযোগমতো মাইরা ফালাইয়া গেল’, বলছিলেন টাঙ্গাইলের গোপালপুরে নিহত দরজি নিখিল জোয়ার্দারের বড় মেয়ে কবিতা রানি দে। তাঁর ধারণা, চার বছর আগে দাড়ি ও ধর্ম নিয়ে কটূক্তির যে অভিযোগ উঠেছিল, সেটার জের ধরেই তাঁর বাবাকে হত্যা করেছে উগ্রপন্থীরা।
গতকাল সোমবার বিকেলে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডুবাইল গ্রামে নিখিলের বাড়িতে কথা হচ্ছিল কবিতার সঙ্গে। ২০১২ সালে তাঁর বাবার বিরুদ্ধে দাড়ি নিয়ে কটূক্তির যে অভিযোগ উঠেছিল, সেটা ষড়যন্ত্র ছিল বলে দাবি করেন কবিতা। বলেন, ‘ওসব কিছু বলেন নাই। ষড়যন্ত্র কইরা ওসব কথা প্রচার করেছিল তারা। আর এত দিন পর মাইরা চইলা গেল।’
টাঙ্গাইল জেলা সদর থেকে ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত ডুবাইল বাজার। বাজারের মোড় থেকে সুতিকালিবাড়ি এলাকার দিকে যাওয়া সড়কের ১০০ গজ দূরেই নিখিলের বাড়ি অবস্থিত। বাড়ির সামনেই নিজ ভিটার মধ্যে তাঁর দরজির দোকান। সেই দোকানের সামনেই গত শনিবার দুপুর ১২টায় নিখিলকে কুপিয়ে হত্যা করে মোটরসাইকেল নিয়ে চলে যায় তিন দুর্বৃত্ত। পরে ঘটনাস্থলের কয়েক কিলোমিটার দূরে থেকে একটি রক্তাক্ত শার্ট (সাদার মধ্যে লাল চেক) পাওয়া যায়। পুলিশের ধারণা, খুনিদের একজন রক্তাক্ত জামাটি ফেলে গেছে।
পুলিশ গত তিন দিনেও এই নৃশংস হত্যার কারণ উদ্ঘাটন বা জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে পারেনি। শনিবার রাতে পুলিশ যে তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে, গতকাল তাঁদের প্রত্যেকের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই তিনজন হলেন দৈনিক ইনকিলাব পত্রিকার গোপালপুর সংবাদদাতা ও আলমনগর মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম ও বিএনপির কর্মী ঝন্টু মিয়া। এঁদের মধ্যে আমিনুল ইসলাম ২০১২ সালের ২ মে নিখিলের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ এনে মামলা করেছিলেন।
নিখিল হত্যার ঘটনায় তাঁর স্ত্রী আরতি জোয়ারদার বাদী হয়ে হত্যা মামলা ও পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করেছে। মামলা দুটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি)।
টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সালেহ্ মোহাম্মদ তানভীর প্রথম আলোকে বলেন, হত্যার ধরন দেখে মনে হচ্ছে, কোনো জঙ্গিগোষ্ঠী হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। চার বছর আগে ধর্ম নিয়ে তাঁর কটূক্তির অভিযোগ এ সন্দেহের বিষয়টিকে জোরদার করছে। তবে নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না যে জঙ্গিরাই ঘটনাটি ঘটিয়েছে। তিনি বলেন, ঘটনার নেপথ্যে অন্য কোনো বিরোধ কাজ করেছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র গতকাল এক বিবৃতিতে নিখিল হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং এ ধরনের সব হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ২০১২ সালের ২৯ এপ্রিল চান মিয়ার দোকানের সামনে নিখিল দাড়ি নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ তোলেন এলাকার মো. সুজন মিয়া, মো. আবদুস ছালাম ও মো. ফেরদৌস। এ কথা ছড়িয়ে পড়লে এলাকাবাসী জড়ো হয়ে নিখিলকে মারধর এবং তাঁর দোকান ও বাড়ি ভাঙচুর করে। পরদিন নিখিলকে পুলিশ গ্রেপ্তার করে। দুই দিন পর ২ মে নিখিলের বিরুদ্ধে মামলা করেন আমিনুল ইসলাম। ওই বছরের ২১ মে নিখিলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে বাদী মামলাটি প্রত্যাহার করে নেন।
২৪ দিন হাজতে থাকার পর জামিনে বেরিয়ে আসেন নিখিল। তাঁর ভাতিজা টুটন চন্দ্র জোয়ার্দার প্রথম আলোকে বলেন, ‘জামিন পাওয়ার পর কাকা ঘাটাইলে তাঁর শ্বশুরবাড়িতে অবস্থান করেন। পরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে কথা বলে এলাকায় ফিরে আসেন।’
নিখিলের একাধিক প্রতিবেশী প্রথম আলোকে বলেন, জামিন পাওয়ার কদিন পর নিখিলের দোকানের শাটারে কে বা কারা নীল কালিতে লিখে রাখে, ‘আদালত তোমাকে জামিন দিলেও আমরা তোমাকে জামিন দেব না।’
নিখিলরা চার ভাই। একই ভিটার মধ্যে পাশাপাশি চারটি টিনের ঘর। নিখিল দ্বিতীয়। দুই ভাই আরও আগে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। অন্য ভাই মানসিক রোগে আক্রান্ত। চারটি পরিবারের দেখাশোনা করতেন নিখিল। তাঁর খুন হওয়ার পর থেকে শোকে পাথর স্ত্রী আরতি। কারও সঙ্গে খুব একটা কথাও বলছেন না। নাওয়া-খাওয়াও বন্ধ। ঘরের দরজায় দাঁড়িয়ে মায়ের কথা বলতে বলতে দীর্ঘশ্বাস ফেলেন কবিতা। বলেন, ‘বাবা আর ফিরে আইব না, তার বিচারও অইব না।’ এরপর আর কিছু না বলে ঘরের ভেতরে ঢুকে পড়েন তিনি।