'অজ্ঞান পার্টির' জুসে নারীর মৃত্যুর অভিযোগ
চলন্ত ট্রেনে সন্দেহভাজন অজ্ঞান পার্টির এক সদস্যের দেওয়া জুস পান করে রেবা বেগম (২৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
রেবা বেগমের স্বামী রাশেদুল ইসলামের ভাষ্য, স্ত্রী-সন্তানসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে মেঘনা এক্সপ্রেস ট্রেনের শোভন শ্রেণিতে ছিলেন তিনি। ট্রেনটি লাঙ্গলকোর্ট ছেড়ে লাকসাম আসার আগে রেবার পিপাসা লাগে। এ সময় পাশে থাকা এক ব্যক্তি তাঁকে জুস পান করতে দেন। কিছুক্ষণ পরে ওই ব্যক্তি সটকে পড়েন। পরে রেবা বুকে ব্যথা অনুভব করেন। ট্রেনটি লাকসাম স্টেশনে পৌঁছালে রেবার মৃত্যু হয়।
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি পাঠান বলেন, রেবাকে জুস সরবরাহ করা অজ্ঞাত ব্যক্তি অজ্ঞান পার্টির সদস্য হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় জিআরপি থানায় একটি মামলা হয়েছে।