'অজ্ঞান পার্টি'র খপ্পরে পড়ে নয়জন অসুস্থ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ‘অজ্ঞান পার্টি’র খপ্পরে পড়ে একই পরিবারের ৯ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। গত শনিবার সন্ধ্যায় উপজেলার লুধুয়া গ্রামে রফিকুল ইসলাম ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে। অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার আগে অপরিচিত দুই ব্যক্তি রফিকুল ইসলাম ব্যাপারীর বাড়িতে যান। তাঁরা বলেন, তাঁরা রোজাদার। ইফতার করতে চান। তখন রফিকুলের পরিবার তাঁদের জন্য ইফতারির আয়োজন করেন। ওই দুই ব্যক্তি কিছু ফল ও ফলের রস খেতে দেন রফিকুলের পরিবারের সদস্যদের। কিছুক্ষণ পর ওই পরিবারের ৯ সদস্য অচেতন হয়ে পড়েন। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা ঘরের আলমারি থেকে টাকা, মুঠোফোন সেট ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। গতকাল সকাল ১০টার দিকে মাসুম মিয়া নামের এক প্রতিবেশী তাঁদের (রফিকুল) ঘরে ঢুকে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অসুস্থ ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম ব্যাপারী (৬৫), তাঁর স্ত্রী রোকেয়া বেগম (৬০), ছেলে বোরহান উদ্দিন (৪০) ও ডালিম উদ্দিন (৩২), পুত্রবধূ স্বপ্না আক্তার (২৮) ও মুনিয়া আক্তার (২৬), নাতি মো. সায়মন (৮), মুনিয়া আক্তারের বোন আশামণি (৬) ও মুনিয়ার খালাতো ভাই আক্তার হোসেন (৩০)।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেন, ঘটনাটি তিনি জেনেছেন। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।