'অজ্ঞান পার্টি'র বিষে হাসপাতালে একই পরিবারের ৭ জন
ভোলায় বিষযুক্ত খাবার খেয়ে একই পরিবারের শিশুসহ সাতজনের অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, চুরির উদ্দেশ্যে কোনো চক্র ওই পরিবারের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছে। গতকাল মঙ্গলবার রাতের খাবার খেয়ে গুরুতর অসুস্থ সাতজন এখন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে আজ বুধবার দুপুর পর্যন্ত পরিবারের শিশু সদস্যটির শুধু জ্ঞান ফিরেছে।
গতকাল রাত আটটার দিকে সদর উপজেলার আলিনগর ইউনিয়নের দক্ষিণ রুহিতা গ্রামের ফরাজি বাড়ির বাসিন্দা বেলাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। বিষাক্ত খাবার খেয়ে বেলাল হোসেন (৬৫), তাঁর স্ত্রী চাঁদ সুলতানা পারভিন (৫৪), দুই ছেলে শাহাদাত হোসেন (২৮) ও তানভীরুল ইসলাম (২৬), দুই মেয়ে উম্মে হাবিবা (১৯) ও সুমাইয়া আক্তার (১৪) এবং নাতনি মাইশা আক্তার (৪) (বড় মেয়ে উম্মে হাবিবার কন্যা) অজ্ঞান হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলায় ধারাবাহিকভাবে খাবারে বিষ মিশিয়ে অজ্ঞান করার ঘটনা ঘটছে। স্থানীয়ভাবে খাবারে বিষ মেশানো চক্রটিকে ‘অজ্ঞান পার্টি’ বলা হয়। কয়েক বছর ধরে ভোলায় এই অজ্ঞান পার্টি কোনো পরিবারের খোলা রান্নাঘরে রাখা খাবারে বিষ মিশিয়ে দেওয়ার ঘটনা ঘটাচ্ছে। রান্নাঘর খোলা না থাকলে জানালা দিয়ে ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে খাবারে বিষ প্রয়োগ করা হয়। বিষযুক্ত সেসব খাবার খেয়ে পরিবারের লোকজন অজ্ঞান হয়ে গেলে ওই অজ্ঞান পার্টির সদস্যরা বাড়ির ভেতরে ঢুকে জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। গত কয়েক বছরে এমন শতাধিক ঘটনা ঘটেছে। বিষ বেশিমাত্রায় প্রয়োগ করার কারণে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এর আগে সদর উপজেলার শিবপুর ইউনিয়ন ও ভেদুরিয়া ইউনিয়ন এবং লালমোহন উপজেলায় এভাবে বিষ দেওয়া খাবার খেয়ে কয়েকজন মারাও গেছেন। অনেকের সাত-আট দিন পর জ্ঞান ফিরেছে। জেলাজুড়ে কয়েক বছর ধরে এ প্রবণতা শুরু হলেও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে বিষ মেশানো খাবার খেয়ে একই পরিবারের সাতজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তাঁরা এখনো বিপদমুক্ত নন। হাসপাতালের মহিলা ও পুরুষ ওয়ার্ডে তাঁদের চিকিৎসা চলছে। আজ শিশু মাইশার জ্ঞান ফিরেছে। তবে সে বমি করছে। বাকিরা এখনো অজ্ঞান অবস্থায় আছেন।
হাসপাতালে শারমিন আক্তার নামের এক নারীকে ওই পরিবারের সদস্যদের দেখাশোনা করতে দেখা যায়। তিনি প্রথম আলোকে জানান, তিনি ওই পরিবারের স্বজন। ওই বাড়ির পাশেই তিনি থাকেন। রাতে ভাত খাওয়ার পরপরই শিশু মাইশা অজ্ঞান হয়ে যায়। পরিবারের সদস্যদের চিৎকার শুনে তিনি ছুটে আসেন। এসে দেখেন একে একে সবাই অজ্ঞান হয়ে যাচ্ছেন। পরে আশপাশের লোকজন দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে এনে সাতজনকে হাসপাতালে ভর্তি করে।
তিনি দাবি করেন, অজ্ঞান পার্টি খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। রাতে কোনো বাড়িতে চুরি করার উদ্দেশ্যে এভাবে অজ্ঞান পার্টির সদস্যরা খাবারে বিষ মিশিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে ফেলে। পরে রাত গভীর হলে বাড়িতে ঢুকে চুরি করে। এ ধরনের ঘটনা অনেক দিন ধরেই ঘটছে। বেলাল হোসেনের বাড়ির রান্নাঘর খোলা। হয়তো সন্ধ্যার কোনো একসময় খোলা রান্নাঘরে রাখা খাবারে বিষ মেশানো হয়েছে।
তিনি জানান, বেলাল হোসেন নিজেদের জমিজমা দেখাশোনা করেন। বড় ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী। আর ছোট ছেলে কম্পিউটারের বেসিক বিষয়ে প্রশিক্ষণ দেন।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। ঘটনাস্থলে তিনি পুলিশ পাঠিয়েছেন।