'অপবাদ' দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরকীয়ার ‘মিথ্যা অপবাদ’ দেওয়ায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পূর্বভোগদিয়া গ্রামের এক গৃহবধূ গত শুক্রবার গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর নাম বিউটি বেগম।
বিউটির চাচা আবদুল ওহাব শেখ প্রথম আলোকে বলেন, একই গ্রামের আল আমিন খানের (৩৭) সঙ্গে প্রায় ১৫ বছর আগে বিউটির (৩২) বিয়ে হয়। এ দম্পতির চারটি সন্তান রয়েছে। কিন্তু কিছুদিন ধরে এক প্রতিবেশীর সঙ্গে বিউটির পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে মিথ্যা অপবাদ রটানো হয়। এ নিয়ে তাঁর শ্বশুর জব্বার খান, শাশুড়ি আমেনা বেগম ও ননদ কাউসারী বেগম বিউটিকে অকথা-কুকথা শোনান। এ নিয়ে সালিস করার প্রস্তুতিও নেওয়া হয়। এই প্রেক্ষাপটে শুক্রবার সকালে বিউটি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে বিউটির মৃত্যু হয়।
গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে গৃহবধূ বিউটির লাশ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বিউটির বাবা ওমর আলী শেখ বাদী হয়ে বিউটির শ্বশুর, শাশুড়ি ও ননদসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছেন।