'অপরাধীদের আত্মীয়স্বজনকে ধরা হয়েছে'
রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দিন বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় যাঁদের ধরা হয়েছে, মূল অপরাধীরা তাঁদের আত্মীয়স্বজন।
আজ বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দিন। তিনি বলেন, অবশ্য তাদের আটক আত্মীয়স্বজনেরা বারবার বলার চেষ্টা করছেন, সেই আত্মীয়দের (অপরাধী) সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই। তবে তাঁদের কথাবার্তায় তাঁরা এটুকু আন্দাজ করতে পারছেন, সেই ছেলেকেই ধরতে হবে, যার মাধ্যমে মূল ঘটনা উদ্ধার করা যাবে। তাঁরা তাকে ধরার চেষ্টাই করছেন।
কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে—এ বিষয়ে সরদার তমিজ উদ্দিন বলেন, সামাজিক ও আদর্শিক মতপার্থক্য থাকায় শিক্ষককে হত্যায় অপরাধীরা উদ্বুদ্ধ হয়েছে। মামলার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে যে তথ্য পাচ্ছেন, সেটাই মামলার অগ্রগতি।