'অপরিকল্পিত' মেরামত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিকল্পিতভাবে সড়ক মেরামতের কারণে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। গতকাল সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় বিক্ষোভ করেন এলাকাবাসী ও পরিবহনের শ্রমিকেরা।
নারায়ণগঞ্জ সওজের অধীনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় অন্তত ১৭টি স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সওজ ১৫ দিন ধরে ইট ও বালু ফেলে গর্ত বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। বৃষ্টির কারণে ভারী যানবাহনের চাকায় এসব ইট-বালু সরে গিয়ে গর্তগুলো আবার আগের অবস্থায় ফিরে আসে।
গতকাল সকালে মহাসড়কের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তার পাশে মেরামতকাজ শুরু করে সওজ কর্তৃপক্ষ। এ জন্য মহাসড়কের মাঝখানের লেনের ওপর ইট ও বালু স্তূপ করে রেখে সেখান দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ অবস্থায় পশ্চিম পাশের লেন দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী যানবাহন চলাচলের নির্দেশ দেওয়া হয়। পশ্চিম পাশের লেন সরু হওয়ায় এবং এ লেনের ওপর যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানো-নামানোর কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। সকাল আটটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত মেঘনা সেতুর দক্ষিণ প্রান্ত মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর থেকে মদনপুর পর্যন্ত ১২ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। এতে প্রচণ্ড রোদের মধ্যে চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা।
একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, সওজ কর্তৃপক্ষ অপরিকল্পিতভাবে মেরামতকাজ শুরু করেছে। মাত্র সাতজন শ্রমিক দিয়ে ইট ভাঙানো হচ্ছে। ইটগুলো অন্যত্র ভেঙে এ কাজ করলে এমন দুর্ভোগ হতো না।
মহাসড়ক বন্ধ রেখে মেরামতকাজ ও দীর্ঘ যানজটে ক্ষুব্ধ হয়ে বেলা তিনটার দিকে বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিক এবং এলাকাবাসী মোগরাপাড়া চৌরাস্তায় বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়। ঢাকা সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মুহাম্মদ মুসা মেরামতকাজ দেখতে এসে সাংবাদিকদের বলেন, মেরামতকাজের কারণে মানুষের একটু দুর্ভোগ হচ্ছে। শ্রমিকের সংখ্যা বাড়িয়ে দ্রুত মেরামতকাজ শেষ করা হবে।