'অপহরণকারীরা বলত - তোর অনেক টাকা, টাকা দে'

দুই মাসেরও বেশি সময় নিখোঁজ থাকার পর গতকাল মঙ্গলবার রাতে সাংবাদিক উৎপল দাসকে পাওয়া গেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। কারা তাঁকে তুলে নিয়ে গিয়েছিল, তা তিনি জানেন না বলে জানিয়েছেন। তবে তিনি বলেছেন, অপহরণকারীরা তাঁর কাছে টাকা দাবি করেছে।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার আধুরিয়া শাহজালাল সিএনজি স্টেশনে উৎপল দাসকে উদ্ধার করে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহীদুল ইসলাম। তাঁকে উদ্ধারের খবর পেয়ে রাত আড়াইটার দিকে ভুলতা পুলিশ ফাঁড়িতে যান পরিবারের সদস্যরা।
সেখানে উৎপল দাস বলেন, ‘আমাকে চোখ বাঁধা অবস্থায় তিন-চার ঘণ্টা একটা গাড়িতে করে ঘোরানো শেষে এখানে নামিয়ে দেওয়া হয়েছে। এর বেশি কিছু আমি জানি না। আমাকে এখানে নামিয়ে দেওয়ার সময় আমার চোখের বাঁধন খুলে দিয়ে তাঁরা বলেছে, আমরা যখন গাড়ি টান দেবে তখন তুই চোখ খুলবি। আমি যখন সিএনজি স্টেশনে ঘোরাফেরা করছিলাম, তখন ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহীদুল ইসলাম গিয়ে আমাকে সিএনজি স্টেশন থেকে নিয়ে আসেন। এর মধ্যে আমার সাংবাদিক ভাইয়েরা তাদের সঙ্গে যোগাযোগ করেছে।’
উৎপল আরও বলেন, ‘ধানমন্ডির স্টার কাবাবের সামনে দুপুরে আমাকে পেছন থেকে অপহরণ করা হয়। আমাকে তুলে নেওয়ার সময় কাউকে দেখতে পাইনি। পরে আমাকে একটি টিনশেড নরমাল একটি ঘরে আটকে রাখা হয়েছিল। সেখানে তিন বেলা দরজার নিচ থেকে নরমাল খাবার দেওয়া হতো। সেখানে চৌকি বা খাট ছিল না, ফ্লোরের মধ্যে থাকতে হয়েছিল। ওই ঘরে এটাচড বাথরুম ছিল। সেখানে গোসল করতাম।’ নির্যাতন করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে তুলে নিয়ে যাওয়ার পর প্রথম দিকে কিছু চড়-থাপ্পড় মারা হয়েছে। তারা আমাকে বলত, তোর অনেক টাকা। তুই টাকা দে। আমার মুঠোফোনটি যারা অপহরণ করেছে, তারাই নিয়ে নেয়। তারাই হয়তো ফোনটি অন করত, ওইটা দিয়ে কথা বলত।’ তাদের আচরণে কোনো পেশাদারির ছাপ ছিল কি না, জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে চলে যান। রাত তিনটার দিকে পরিবারের কাছে উৎপল দাসকে তুলে দেওয়া হয়। তাঁরা তাঁকে নিয়ে নরসিংদীর রায়পুরায় চলে যান।

রাত আড়াইটার দিকে নিখোঁজ উৎপল দাসকে ফিরে পাওয়ার খবর পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়িতে ছুটে যান তাঁর মা, বাবা, বোনসহ আত্মীয়স্বজন। উৎপলকে বুকে জড়িয়ে ধরে তাঁর মা বলেন, ‘আমার বাবা ফিরে এসেছে। আমার অনেক ভালো লাগছে, অনেক শান্তি লাগছে।’ তখন উৎপল দাস তাঁর মাকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘আমি ঠিক আছি। আমার কিছু হয়নি।’
উৎপলের কাছে টাকা চাওয়ার বিষয়ে বোন বিনিতা রাণীর কাছে জানতে চাওয়া হয়, কেউ টাকা চেয়ে যোগাযোগ করেছে কিনা। জবাবে তিনি বলেন, ‘এক মাস আগে রিপন তালুকদার নামের এক ব্যক্তি মুঠোফোনে বলেন যে উৎপলকে মুমূর্ষু অবস্থায় টাঙ্গাইলে পাওয়া গেছে। তাঁর চিকিৎসার পেছনে অনেক টাকা খরচ করে ফেলেছেন। টাকা পাঠাতে বলেন। তখন আমরা তাঁকে বলি, টাকা পাঠানোর জন্য সময় দেন। এভাবে বারবার টাকা পাঠানোর জন্য বলেছেন। এক ঘণ্টা পর আমরা জানতে পারি, এটা মিথ্যা খবর। এরপর থেকে তাঁর কোনো খোঁজ-খবর পাইনি।’ তিনি আরও বলেন, ‘আমাদের পরিবারের পক্ষ থেকে যখন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়, তখন উৎপলের মুঠোফোন নম্বর থেকে আমার বাবার নম্বরে ফোন করে এক লাখ টাকা দাবি করা হয়। এভাবে পরের দিন আবার এক লাখ টাকা দেওয়ার জন্য ফোন আসে। তখন আমার বাবা বলে, আমি টাকা কোথায় দেব? কীভাবে দেব? উৎপলের সঙ্গে আগে কথা বলিয়ে দাও। এরপর আর কোনো ফোন আসেনি। ওরা কারা, তারও কোনো পরিচয় দেয়নি।’
উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস বলেন, ‘আমার ছেলেকে আমি ফিরে পেয়েছি। এটাই আমার বড় আনন্দ। আপনাদের সহযোগিতা বেশি কামনা করি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’
জানতে চাইল রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহীদুল ইসলাম বলেন, ‘আমি মহাসড়ক এলাকায় তদারকির দায়িত্বে ছিলাম। আমাকে এসপি সাহেব ফোন করে জানান, উৎপল দাস নামের নিখোঁজ কোনো সাংবাদিকের তথ্য আমি জানি কি না? খোঁজ নিয়ে জানলাম, শাহজালাল ফিলিং স্টেশনে উৎপল দাস রয়েছেন। আমি ঘটনাস্থলে গেলে এসপি সাহেব তাঁর সঙ্গে কথা বলেন। কারা তুলে নিয়েছিলেন উৎপল তা বলতে পারেননি। কারা নামিয়ে দিয়ে গেছেন, তাও তিনি বলতে পারেননি।’
১০ অক্টোবর নিখোঁজ হন একটি অনলাইন পোর্টালের সাংবাদিক উৎপল দাস।