'অপহরণের' দুদিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার, বন্ধু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাসুল আহমেদ ওরফে জিম। ছবি: সংগৃহীত
রাসুল আহমেদ ওরফে জিম। ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় ‘অপহরণের’ দুদিন পর এক কলেজছাত্রের লাশ মাটিতে পোঁতা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম রাসুল আহমেদ (২০)। আজ বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা শহরের চালতেতলা বাগানবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত অভিযোগে রাসুল আহমেদের বন্ধু জাহিদ হাসানকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। আসামি জাহিদের বাড়ি ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দূরে সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায়। জাহিদ স্ত্রী নিয়ে চালতেতলা বাগানবাড়ি এলাকায় ভাড়া থাকতেন বলে পুলিশ জানিয়েছে। ওই ভাড়া বাসার উঠোন থেকেই রাসুল আহমেদের পুঁতে রাখা লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহত কলেজছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, রাসুল আহমেদের বাড়ি খুলনা জেলার ফুলবাড়ি গেট এলাকায়। তিনি সেখানকার শেখ হেমায়েত হোসেনের ছেলে। রাসুল আহমেদ সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র ছিলেন। এ কারণে তিনি পুরোনো সাতক্ষীরা হাটের মোড় এলাকায় আবদুস সবুর গাজীর বাড়িতে ভাড়া থাকতেন। গত মঙ্গলবার তাঁকে অপহরণ করা হয়েছে বলে সাতক্ষীরা সদর থানায় গতকাল বুধবার মামলা করেন তাঁর বাবা শেখ হেমায়েত হোসেন। মামলায় জাহিদ হাসানসহ অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, রাসুল আহমেদের কাছ থেকে কয়েক মাস আগে তাঁর বন্ধু জাহিদ হাসান ১ লাখ ৬০ হাজার টাকা ধার নিয়েছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়। কিন্তু এই টাকা পরিশোধ করতে টালবাহানা করছিলেন জাহিদ। এরই জের ধরে মঙ্গলবার ভাড়া বাসা থেকে মুঠোফোনে ডেকে জাহিদ হাসানসহ সাত থেকে আটজন রাসুল আহমেদকে ধরে নিয়ে যান। পরদিন বুধবার সকালে জাহিদ হাসানের চালতেতলার ভাড়া বাড়িতে গিয়ে জাহিদের কাছে ছেলের সন্ধান চান শেখ হেমায়েত হোসেন। তখন তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান জাহিদ। এরপর ছেলেকে না পেয়ে মামলা করেন তিনি। আজ ভোরে সাতক্ষীরা শহর থেকে জাহিদকে গ্রেপ্তার করা হয়। পরে স্বীকারোক্তি অনুযায়ী বেলা তিনটার দিকে জাহিদের ভাড়া বাড়ির উঠোন থেকে পুলিশ রাসুল আহমেদের লাশ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, রাসুল আহমেদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশ জাহিদ তাঁর ভাড়া বাসার উঠোনে পুঁতে রাখেন। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক ক্ষতের চিহ্ন ছিল। গলায় শ্বাসরোধে হত্যার চিহ্ন ছিল। সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোস্তাফিজুর রহমান আরও জানান, আসামি জাহিদ বিবাহিত। তাঁর স্ত্রীও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে তাঁরা জানতে পেরেছেন।

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, জাহিদ হাসান জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, রাসুল তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাঁরা চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েন। চোরাচালানের টাকা ভাগাভাগি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ হয়। এ কারণে রাসুল আহমেদকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, সেটা তদন্ত করা হচ্ছে।