'অপহরণের' মামলা নিচ্ছে না পুলিশ!
ঢাকায় গিয়ে অপহরণের শিকার হয়েছিলেন রাজবাড়ীর কালুখালী থানার কালীনগর গ্রামের মাদ্রাসা শিক্ষক রফিকুল ইসলাম। গত ১৭ জানুয়ারি সাভার পৌরসভার বিনোদবাইদ এলাকার একটি বাসা থেকে পুলিশ তাঁকে উদ্ধারও করে। রফিকুলের অভিযোগ, পুলিশ উদ্ধার করলেও এ ঘটনার ১৮ দিন পার হলেও পুলিশ কোনো মামলা নিচ্ছে না।
রফিকুল প্রথম আলোকে বলেন, তিনি কালুখালী থানার স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক। গত ১৪ জানুয়ারি তিনি পারিবারিক ও মাদ্রাসার কাজে ঢাকায় গিয়েছিলেন। ১৫ জানুয়ারি সকালে কাজ শেষে ফিরছিলেন তিনি। কিন্তু গাবতলী এলাকায় তাঁর এলাকার গোলাম সারোয়ার জিহাদ ও শহীদুল ইসলাম নামের দুই ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হয়। তাঁরা কৌশলে তাঁকে সাভারের বিনোদবাইদ এলাকার ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে ওই দুজন তাঁকে আটকে রেখে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। বিষয়টি পাশের ফ্ল্যাটের লোকজন টের পেয়ে সাভার মডেল থানাকে অবহিত করে। ১৭ জানুয়ারি সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাঁকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন গোলাম সারোয়ার ও শহীদুল।
রফিকুল বলেন, উদ্ধারের পর তিনি অপহরণের অভিযোগে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করতে যান। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অনুপস্থিতির অজুহাতে পুলিশ ওই দিন মামলা নেয়নি। পরে বিষয়টি তিনি তাঁর এলাকার স্থানীয় বোয়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হাসেমকে অবহিত করেন। খবর পেয়ে আবু হাসেম ওই রাতেই সাভার মডেল থানায় যান। তখন পুলিশ মামলা নেওয়ার আশ্বাস দিয়ে সাদা কাগজে তাঁর স্বাক্ষর রেখে বিদায় করে দেয়। এরপরও একাধিকবার যোগাযোগ করা হলেও পুলিশ মামলা নেয়নি।
সাবেক চেয়ারম্যান আবু হাসেম বলেন, একাধিকবার চেষ্টা করেও মামলা নেওয়াতে পারেননি তাঁরা। এলাকার বাসিন্দা হিসেবে বিষয়টি তাঁরা র্যাব-৬ এর এক কর্মকর্তাকেও জানান। ওই কর্মকর্তাও থানায় ফোন করেছেন। কিন্তু মামলা নেওয়া হয়নি।
যোগাযোগ করা হলে র্যাব কর্মকর্তা জানান, ‘আমি নিজেও মামলা নিতে সাভার মডেল থানাকে অনুরোধ করেছি। কিন্তু এরপরও কেন মামলা নেওয়া হচ্ছে না তা আমার বোধগম্য নয়।’
সাভার মডেল থানার ওসি কামরুজ্জামান ছুটিতে থাকায় গতকাল মঙ্গলবার থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদ আল মামুনের সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। তিনি বলেন, রফিকুলের অভিযোগ পাওয়ার পর উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এসআই মিজানুরকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মামলা নেওয়ার দায়িত্ব ওই কর্মকর্তার।
এরপর যোগাযোগ করা হলে এসআই মিজানুর বলেন, ‘আমার মামলা নেওয়ার ক্ষমতা নেই। কর্তৃপক্ষ বললে আমি মামলা নেব।’
ছুটি শেষে থানায় যোগ দেওয়ার পর গতকাল বুধবার কথা হয় ওসি কামরুজ্জামানের সঙ্গে। জানতে চাইলে তিনি দাবি করেন, রফিকুল প্রথমে মামলা করতে চাননি। পরে অভিযোগ পাওয়ার পর এসআই মিজানুরকে মামলা নিতে বলা হয়েছে।
ওসির সঙ্গে কথা বলার পর যোগাযোগ করা হলে এসআই মিজানুর বলেন, অভিযোগ ওঠা ব্যক্তিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারের পর ব্যবস্থা নেওয়া হবে।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।