ফরিদপুর থেকে তিন শিশুকে অপহরণ করে রাজশাহীগামী একটি বাসে তোলা হয়েছিল। কিন্তু বাসটি কোথাও না থেমে গত মঙ্গলবার রাত ১০টার দিকে সোজা রাজশাহীর বোয়ালিয়া থানার সামনে এসে দাঁড়ায়। শিশুদের দেওয়া হয় পুলিশি হেফাজতে। গতকাল বুধবার পুলিশ তিন শিশুকে ফরিদপুরের নগরকান্দা থানা-পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করে। তবে ধরা পড়েননি জড়িত ব্যক্তিরা।
এই তিন শিশু হচ্ছে লাবণী (৭), অনন্যা (৫) ও ডালিম (১২)। এরা পরস্পর চাচাতো বোন। লাবণীর বাবার নাম বাবলু শেখ। তিনি একজন কৃষক। অনন্যার বাবার নাম সেকেন্দার আলী। তিনি গাড়িচালক। বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার দাদপুর গ্রামে। একই গ্রামে ডালিমের নানার বাড়ি। তার বাবার নাম কাউসার আলী। তিনি ব্যবসায়ী। ডালিম মায়ের সঙ্গে নানার বাড়িতেই ছিল।
রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, মঙ্গলবার দুপুরে তিন শিশুকে জোর করে কয়েকজন যুবক রাজশাহীগামী বিআরটিসি বাসে তুলে দেন। বাসের তত্ত্বাবধায়ক বাচ্চাদের না নিতে চাইলে তাঁকে হুমকি দেওয়া হয়। তাদের রাজশাহী নগরের শালবাগান এলাকায় নামিয়ে দিতে বলা হয়। যারা শিশুদের বাসে তুলে দিয়েছেন, তাঁদের কেউ বাসে ওঠেননি। হয়তো পরিচয় গোপন করে অন্য কেউ ছিল। শিশুদের পাচারের উদ্দেশ্য ছিল হয়তো। বাস সরাসরি থানায় আসায় তারা কিছু করতে পারেনি।
খবর পেয়ে গতকাল সকালে নগরকান্দা থানার পুলিশ নিয়ে রাজশাহীতে আসেন লাবণী ও অনন্যার বাবা। সঙ্গে ছিলেন তাঁদের (লাবণী ও অনন্যার) চাচাতো ভাই নজরুল ইসলাম। তিনি ফরিদপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
নজরুল ইসলাম বলেন, লাবণী ও অনন্যা সকালে বাড়ির বাইরে খেলতে যায়। তারপর দুপুর পর্যন্ত তারা বাড়ি ফেরেনিÑদেখে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। বেলা দুইটার পর বরিশাল-রাজশাহীগামী একটি বিআরটিসি বাসের এক যাত্রী ফোন করে জানান, জোর করে তিন শিশুকে বাসে তুলে রাজশাহীতে নিয়ে যাওয়া হচ্ছে। ওই যাত্রীর বাড়ি কুষ্টিয়ায়। ডালিম তাঁকে তাঁর (নজরুল) ফোন নম্বর দিয়ে ফোন করতে বলেছিলেন।
নজরুল ইসলাম আরও বলেন, ওই যাত্রীর মাধ্যমে তিনি বাসের তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলেন। নজরুল তাঁকে অনুরোধ করেন বাচ্চাদের যেন তাঁদের হেফাজতে রাখেন। রাত ১০টার দিকে বাস রাজশাহীতে ঢোকে। কিন্তু নিরাপত্তার কথা ভেবে তত্ত্বাবধায়ক বাসটি কাউন্টারে না নিয়ে সোজা থানায় নিয়ে যান। বাচ্চাগুলোকে বোয়ালিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।
বোয়ালিয়া থানার উপপরিদর্শক শিউলি বলেন, গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাচ্চাদের নগরকান্দা থানা-পুলিশের হেফাজতে দেওয়া হয়। নগরকান্দা থানায় গিয়ে পুলিশ পরিবারের লোকজনের কাছে শিশু তিনটিকে হস্তান্তর করবে।