'অপহৃত' ছৈয়দ আহমদ উদ্ধার!
‘আত্মগোপনে’ থাকা ‘অপহৃত’ ছৈয়দ আহমদকে (৪৫) অবশেষে উদ্ধার করেছে পুলিশ। গত ৩০ মার্চ কক্সবাজারের চকরিয়া পৌরসভার হালকাকারা এলাকার নিজ বাড়ির সামনে থেকে তিনি ‘অপহৃত’ হন।
গতকাল বৃহস্পতিবার রাত চারটায় বান্দরবানের লামা উপজেলার ফাইতং কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে ফাইতং পুলিশ ফাঁড়ির সদস্যরা তাঁকে উদ্ধার করেন। পরে বেলা দুইটায় তাঁকে চকরিয়া থানার পুলিশের হাতে সোপর্দ করে ফাইতং পুলিশ।
পুলিশ জানিয়েছে, ছৈয়দ আহমদকে অপহরণ করা হয়েছে মর্মে অভিযোগ এনে গত ১২ এপ্রিল তাঁর স্ত্রী রেজিয়া বেগম চকরিয়া থানায় সাতজনের বিরুদ্ধে মামলা করেন। বর্তমানে ওই মামলার ৭ নম্বর আসামি ছিদ্দিক আহমদ গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন।
ছৈয়দ আহমদের বাড়ির পার্শ্ববর্তী এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত শুক্রবার রাত ১২টায় ছৈয়দ আহমদ বাড়ি থেকে বের হচ্ছেন, এমন সময় তাঁর সামনে পড়েছিলেন তিনি। পরে তিনি স্থানীয় কয়েকজন ব্যক্তির সঙ্গে বিষয়টি নিয়ে কথাও বলেছিলেন। এখন তাঁকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার দেখানো হচ্ছে।
মামলার আসামিরা অভিযোগ করে বলেন, ছৈয়দ আহমদের এক ভাইয়ের সঙ্গে আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদীর জায়গা নিয়ে বিরোধ রয়েছে। এ ঘটনার জের ধরে অপহরণের ঘটনাটি ঘটানো হয়। মামলায় ফজলুল করিম সাঈদী ছাড়াও তাঁর বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদের আসামি করা হয়। তাঁরা আরও অভিযোগ করেন, প্রায় সময় ছৈয়দ আহমদকে রাতের আঁধারে তাঁর বাড়িতে আসা-যাওয়া করতে দেখা যেত। ওই সময় পুলিশকে বলা হলেও পুলিশ তাঁকে ধরতে কোনো ব্যবস্থা নেয়নি।
তবে ছৈয়দ আহমদ দাবি করেন, ‘আমি সত্যিই অপহৃত হয়েছিলাম। গত সাত মাস ১৪ দিন বান্দরবান পাহাড়ের বিভিন্ন জায়গায় আমাকে রাখা হয়েছে। সেখান থেকে চোখ-মুখ, হাত-পা বেঁধে একটি অটোরিকশা নিয়ে তিন-চারজন ব্যক্তি আমাকে ফাইতং কমিউনিটি ক্লিনিকের সামনে ফেলে চলে যায়।’
জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন বলেন, হাত-পা বাঁধা অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোরে ছৈয়দ আহমদকে উদ্ধার করে লামা থানার ফাইতং ফাঁড়ির পুলিশ। সেখান থেকে তাঁকে চকরিয়া থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, শুক্রবার ছৈয়দ আহমদকে জবানবন্দি গ্রহণের জন্য চকরিয়া জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হবে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর বলেন, অপহরণের ওই ঘটনাটি নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের কথা আসছে। তবে ঘটনাটি তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।