'অপারেশন টোয়াইলাইটে' হামলাকারীর নাম জানাল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানা আতিয়া মহল ঘিরে ‘অপারেশন টোয়াইলাইট’ চলাকালে দুটি বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে একজনের নাম প্রকাশ করেছে পুলিশ।

আজ সোমবার মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল তাঁর কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে বলেন, সন্দেহভাজন একজনের নাম আশরাফুল আলম নাজিম। তাঁর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।

আতিয়া মহল নামের পাঁচতলা বাড়িটি ২৩ মার্চ দিবাগত রাত আড়াইটায় ঘিরে ফেলে পুলিশ। পরের দিন ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট গিয়ে অভিযানে অংশ নেয়। ২৫ মার্চ সকাল থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল ‘অপারেশন টোয়াইলাইট’ নামে অভিযান শুরু করে। ওই দিন সন্ধ্যায় অভিযানের মধ্যে দুই দফা বিস্ফোরণে র‍্যাবের গোয়েন্দা প্রধান ও দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত এবং ৪৪ জন আহত হন।

২৮ মার্চ রাতে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে এক সংবাদ ব্রিফিংয়ে ১১১ ঘণ্টার ‘অপারেশন টোয়াইলাইট’-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন সেনা গোয়েন্দা পরিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। পরে ভবনটি পুলিশের তত্ত্বাবধানে দেওয়া হয়।