'অবহেলায়' রোগীর মৃত্যুতে স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও, ভাঙচুর
চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর হয়েছে বলে অভিযোগ এনে কিশোরগঞ্জের করিমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভাঙচুর চালিয়েছে এলাকাবাসী।
এ সময় তাঁরা কর্তব্যরত চিকিৎসককেও প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়। আজ রোববার রাতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তি আজিজুর রহমান (২৫) করিমগঞ্জের ঘোনাপাড়ার ছিদ্দিক মিয়ার ছেলে। তিনি একজন মৌসুমি ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, আজিজুর রহমানকে আজ সন্ধ্যা ছয়টার দিকে শ্বাসকষ্টের কারণে করিমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ছিলেন আবদুল্লাহ আল শাফি। তিনি সে সময় মুঠোফোনে কথা বলছিলেন এবং তাঁর সামনে ওষুধ কোম্পানির কয়েকজন প্রতিনিধি বসে ছিলেন।
স্বজনদের অভিযোগ, বারবার তাঁদের পীড়াপিড়ি সত্ত্বেও চিকিৎসক রোগীকে না দেখে মোবাইলে ব্যস্ত ছিলেন। এভাবে প্রায় আধঘণ্টা সময় অতিবাহিত হওয়ার পর থানা স্বাস্থ্য প্রশাসক চিকিৎসক খায়রুল আলম গিয়ে আজিজুরকে মৃত ঘোষণা করেন।
এর পর পর প্রায় হাজার খানেক এলাকাবাসী স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও করে। জরুরি বিভাগে ভাঙচুর করে এবং ডাক্তারকে অবরুদ্ধ করে রাখে। প্রায় এক ঘণ্টা পর আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) সাহেব গনি বিচারের আশ্বাস দিয়ে এলাকাবাসীকে শান্ত করেন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় ডেপুটি সিভিল সার্জন হাবিবুর রহমানের নেতৃত্বে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অভিযুক্ত চিকিৎসকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।