'অর্থ উদ্ধারের আশা খুব কম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচারে সহযোগিতার অভিযোগে ফিলিপাইনের রিজাল ব্যাংকিং করপোরেশনের কর্মকর্তা মায়া সান্তোস দেগুইতো গতকাল ম্যানিলায় সিনেটে শুনানিতে সাক্ষ্য দেন। পাশে তাঁর আইনজীবী l ছবি: রয়টার্স
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচারে সহযোগিতার অভিযোগে ফিলিপাইনের রিজাল ব্যাংকিং করপোরেশনের কর্মকর্তা মায়া সান্তোস দেগুইতো গতকাল ম্যানিলায় সিনেটে শুনানিতে সাক্ষ্য দেন। পাশে তাঁর আইনজীবী l ছবি: রয়টার্স

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার উদ্ধারের সুযোগ ‘খুব কম’ বলে মনে করছে ফিলিপাইনের তদন্তকারী সিনেট কমিটি ব্লু রিবন। দেশটির দৈনিক ইনকোয়ারার পত্রিকায় ওই কমিটির সদস্য সেন সের্গিও ওসমেনা এ কথা জানিয়েছেন। তাঁর সন্দেহ, চুরি যাওয়া অর্থ এর মধ্যেই দেশের বাইরে পাচার হয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার অর্থ চুরির বিষয়ে শুনানিতে সিনেটর সেন সের্গিও ওসমেনা এ কথা বলেন। একই রকম হতাশা প্রকাশ করেছেন ব্লু রিবন কমিটির সভাপতি তেয়োফিস্তো গুংগোনা। তিনি বলেন, চুরি যাওয়া অর্থ উদ্ধার করা খুব কঠিন হবে। কারণ, এই অর্থ এর মধ্যেই অতলে হারিয়ে গেছে। তাঁর মন্তব্য, এটি ‘ব্ল্যাকহোলে’ চলে গেছে।
সের্গিও ওসমেনা বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে চুরি যাওয়া অর্থের খোঁজ পাওয়ার ব্যাপারটি নির্ভর করছে ক্যাসিনোর সহযোগিতার ওপর। ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলারের মধ্যে ৪ কোটি ৬০ লাখ ডলার দেশটির রিজাল ব্যাংক হয়ে ক্যাসিনোতে (জুয়া খেলার স্থান) ঢুকেছে।
সিনেটে গতকালের শুনানিতে ক্যাসিনোর কাছ থেকে তথ্য আদায়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। চুরি যাওয়া অর্থ কোথায় এবং কী কাজে ব্যবহৃত হয়েছে, তা ক্যাসিনোর কাছ থেকেই জানা সম্ভব বলে মনে করছে এই কমিটি। এটা ক্যাসিনোর সহযোগিতার ওপর নির্ভর করছে।
এ কারণেই মাকাতি শহরে সিনেট সদস্য ওসমেনা সাংবাদিকদের বলেন, অর্থ উদ্ধারের আশা খুব কম। তবে তিনি এটাও বলেন, দেশের বাইরে থাকায় সোলোয়ার ক্যাসিনোর প্রেসিডেন্টকে তাঁরা এ নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেননি। ওই ক্যাসিনোর প্রেসিডেন্ট যে করপোরেট কনস্যুলারকে পাঠিয়েছেন, তিনি লেনদেনের ব্যাপারে বিস্তারিত কিছু জানেন না।
তবে ওসমেনা বলেন, চুরি যাওয়া অর্থ কোথায় গেল, তা তিনি ক্যাসিনোর রেকর্ড যাচাই করে দেখতে চান। তাঁরা ক্যাসিনোগুলোর কাছ থেকে ওই অর্থের ‘ইলেকট্রনিক ট্রেইল’ খোঁজার চেষ্টা করবেন। তবে এ ব্যাপারে আইনের অনেক ফাঁক রয়েছে। সেই ফাঁক দিয়ে ক্যাসিনো সহজেই বেরিয়ে আসতে পারে।
ওসমেনা ক্ষোভ প্রকাশ করে বলেন, ফিলিপাইনের আইন সরকারের চেয়ে অপরাধীদের বেশি রক্ষা করে।
এদিকে ম্যানিলা থেকে প্রথম আলোর সংবাদদাতা জানান, গতকাল দ্বিতীয় দিনের শুনানিতে ব্যাংক কর্মকর্তা রোমাল্ডো অগার্ডো সিনেটরদের জানান, রিজাল ব্যাংকের জুপিটার শাখায় টাকা হস্তান্তরের সময় ঝুঁকির মধ্যে থাকার কথা জানিয়েছিলেন রিজাল ব্যাংকিং করপোরেশনের শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো। ৫ ফেব্রুয়ারি একটি ব্যাগে করে দেগুইতোর গাড়িতে যে ২০ মিলিয়ন পেসো তোলা হয়েছিল, সেগুলো বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া টাকা বলে তাঁর ধারণা।
তবে অগার্ডোর বক্তব্যের প্রতিবাদ করে দেগুইতো বলেন, তিনি তাঁর বক্তব্যের সময় এ বিষয়টি খোলাসা করবেন। দেগুইতোর বিরুদ্ধে তদন্ত করছে ফিলিপাইনের জাস্টিস ডিপার্টমেন্ট।
দেগুইতোকে কাল শুনানিতে ডাকে দেশটির সিনেট কমিটি। কিন্তু জাতীয় নিরাপত্তার সঙ্গে বিষয়টি জড়িত বলে শুনানির আলোচনা প্রসঙ্গে বিস্তারিত জানানো হয়নি। শুনানিতে ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ব্যাংক কর্মকর্তা দেগুইতোকে কয়েকটি প্রশ্ন করেন সিনেটর এনরিল। কিন্তু তিনি কোনো তথ্য দিতে রাজি হননি। জ্যেষ্ঠ সিনেটর এনরিল তাঁকে সতর্ক করে দিয়ে বলেন, তথ্য গোপন করলে তিনি অভিযুক্ত হতে পারেন, এমনকি আটকও হতে পারেন। তথ্য আদায় করতে না পেরে অবশেষে নির্বাহী অধিবেশন আহ্বান করেন সিনেটররা, যেখানে ওই কর্মকর্তা তাঁর সাক্ষ্য দেবেন।
এরপর শুনানি চলাকালে দেগুইতোকে খুব বিধ্বস্ত দেখাচ্ছিল। তিনি অল্প কথায় সিনেটরদের জিজ্ঞাসাবাদের জবাব দিচ্ছিলেন। প্রায় ক্ষেত্রে শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ জবাব দেন। তিনি নিজের সমর্থনে কথা বলার সময় ব্যাংকের প্রেসিডেন্টের বিরুদ্ধে মনোভাব প্রকাশ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন দেগুইতো। এ সময় কমিটির চেয়ারম্যান তাঁকে চিকিৎসার জন্য ক্লিনিকে ভর্তি করাতে বলেন।