'অশুভ চক্র ছিটমহলের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিটমহলের মানুষ বন্দিজীবন থেকে বেরিয়ে আসার জন্য একটি শুভদিনের অপেক্ষায় রয়েছে। এ সময় একটি অশুভ চক্র তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু তারা কখনো সফল হবে না।
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারত ইউনিটের সহসাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে ভারতীয় ছিটমহল দাশিয়ারছড়া কালীর হাটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দীপ্তিমান সেনগুপ্ত বলেন, ‘ভারতের নতুন সরকার আগামী নভেম্বরে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে ছিটমহল বিনিময় বিল উপস্থাপন করবে। এই শুভদিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত ও বাংলাদেশের ১৬২টি ছিটমহলের মানুষ। আমি জানতে পেরেছি, ৭ সেপ্টেম্বর দাশিয়ার ছড়ায় মিজানুর রহমানের নেতৃত্বে “ছিট ইউনাইটেড কাউন্সিল” নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। তারা ছিটমহল বিনিময় চায় না, করিডর চায়। এরা সবাই মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি। ছিটমহল বিনিময় হলে এদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। তাই করিডর দাবি করে ছিটমহলবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরা কোনো দিন সফল হবে না।’
সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, ছিট ইউনাইটেড কাউন্সিলের স্বঘোষিত সভাপতি মিজানুর রহমান, সদস্য মোশারফ হোসেন, খলিলুর রহমান, মোন্নাফ আলীরা অবৈধ মাদক ব্যবসা করেন। এঁদের কারণে দাশিয়ার ছড়া মাদকের রাজ্যে পরিণত হয়েছে। ভারতীয় অংশের মাদক ব্যবসায়ীরা এঁদের সঙ্গে যুক্ত। ছিট বিনিময় হলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই তাঁরা এই দাবি করছেন। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে আবারও দুই দেশের মধ্যে সাংগঠনিক তৎপরতা জোরদার করা হচ্ছে।
প্রতিনিধি সমাবেশে সভাপতিত্ব করেন সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি মইনুল হক। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, পঞ্চগড় জেলা সমন্বয় কমিটির সভাপতি মফিজার রহমান, লালমনিরহাট জেলা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, নীলফামারী জেলা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক রাব্বুল আলম প্রমুখ। এতে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ভারতের ১১১টি ছিটমহলের অধিকাংশ প্রতিনিধি অংশ নেন।
দীপ্তিমান সেনগুপ্ত কর্মী সমাবেশে যোগ দেওয়ার আগে দুপুর ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহলে ১৪ হাজার ২১৫ জন মানুষ রয়েছে। পক্ষান্তরে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহলের লোকসংখ্যা ৩৭ হাজার ৩৬৯ জন। এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহলের মাত্র ১৪৯টি পরিবারের ৭৪৩ জন ভারতে ফিরতে চায়। তাদের জন্য ভারতে ১৫ দশমিক ৭৭ একর জমি বরাদ্দ রাখা হয়েছে। তবে ভারত থেকে ছিটমহলের কেউ বাংলাদেশে ফিরতে চান না। তিনি আরও জানান, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অভ্যন্তরে কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে। এসব ছিটমহলের মানুষ ভারতের সঙ্গে একীভূত হতে চায়। আর এ জন্য ছিটমহল বিনিময়ে মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। শুধু ভারত সরকার চাইলেই চুক্তি কার্যকর করা সম্ভব। কারণ, বাংলাদেশ সরকার আগেই এ-সংক্রান্ত বিল সংসদে পাস করেছে। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনী প্রচারকালে ছিটমহল সমস্যার সমাধানের অঙ্গীকার করেছেন। কাজেই ভারতের কেন্দ্রীয় সরকারের আর কোনো বাধা নেই।