'আইএস জঙ্গি' মুসাকে জেরা করতে ভারতে ঢাকার ৩ গোয়েন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে গ্রেপ্তার হওয়া আইএসের সন্দেহভাজন জঙ্গি মোহাম্মদ মসিউদ্দিন মুসাকে জেরা করার জন্য কলকাতায় গেছেন বাংলাদেশের তিনজন গোয়েন্দা কর্মকর্তা। গত ৬ জুলাই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ভারতের সিআইডি পুলিশ।
আইএসের সঙ্গে মুসার যুক্ত থাকার প্রমাণ পাওয়ার দাবি করেছে ভারতীয় পুলিশ। তাঁর সঙ্গে বাংলাদেশের জঙ্গিদের ও বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের যোগাযোগ থাকার কথাও জানিয়েছে পুলিশ। খাগড়াগড় বিস্ফোরণের পরই মূলত উঠে এসেছিল মুসার নাম।
পুলিশ সূত্রে জানা গেছে, মুসার বাড়ি বীরভূম জেলার লাভপুরের বিডিও পাড়ায়। বছর আট আগে সপরিবারে তিনি চেন্নাইয়ের আন্দিপলামায় এলাকায় চলে যান। সেখানে মুদি দোকান খুলে ব্যবসা শুরু করেন। পাশাপাশি যুক্ত থাকেন জঙ্গি কার্যক্রমে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে। কয়েক বছর ধরে গ্রামের বাড়ির সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মুসা চেন্নাই থেকে ট্রেনে হাওড়ায় যান। সেখান থেকে ধর্মতলায় গিয়ে একটি ধারালো অস্ত্র কিনে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনে গ্রামের বাড়ি লাভপুরে যাচ্ছিলেন। কিন্তু তাঁর পিছু নেন গোয়েন্দারা। পরে ধরা পড়েন বর্ধমান রেলস্টেশনে।
মুসার সঙ্গে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিদের যোগাযোগ থাকার প্রমাণ পেয়েছেন ভারতের গোয়েন্দারা—এ খবরে তাঁকে জেরা করতে বাংলাদেশের তিন গোয়েন্দা কর্মকর্তা গত সোমবার কলকাতায় গেছেন। গতকাল মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতে মুসাকে হাজির করা হলে তিনি জানতে চান, তাঁকে বাংলাদেশের পুলিশ কেন জেরা করবে?
ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ মুসাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানালে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। এনআইএর রিমান্ড চলাকালে মুসাকে বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তারা জেরা করতে পারবেন বলে জানা গেছে।