'আইনশৃঙ্খলা' বাহিনীর নির্যাতনে সাত বছরে ১০১ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনে গত সাত বছরে ১০১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার। মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং নির্যাতন বন্ধে অবিলম্বে একটি স্বাধীন ও পৃথক তদন্তকারী প্রতিষ্ঠান গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল রোববার নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান মূল প্রবন্ধে এ তথ্য দেন।
আদিলুর রহমান খান বলেন, অধিকারের তথ্য অনুযায়ী ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের মে পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে শুধু নির্যাতনের কারণে ১০১ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, নির্যাতনের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে এখন একটি সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩-এর বাস্তবায়ন না হওয়ার কারণে এসব ঘটনা ঘটছে। রাজনৈতিক হস্তক্ষেপ এবং ফৌজদারি বিচারব্যবস্থার দুর্বলতা একে আরও প্রকট করে তুলেছে।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বিএনপির উদ্দেশে বলেন, ‘অপারেশন ক্লিন হার্ট করে আপনারা যে ভুল করেছেন, সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। ক্ষমতায় আসার এক মাসের মধ্যে র্যা ব বন্ধ করে দিতে হবে। যারা নির্যাতনের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে বিশেষ ট্রাইব্যুনাল করে যেভাবে মানবতাবিরোধী অপরাধীদের বিচার হচ্ছে, সেইভাবে বিচার করতে হবে। তাদের দায়মুক্তি দেওয়া যাবে না।’
বাংলাদেশ খেলাধুলায়, বিশেষ করে ক্রিকেটে যে উন্নতি করছে, নির্যাতনেও সেইভাবে উন্নতি করছে বলে মন্তব্য করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি শওকত মাহমুদ। নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে উচ্চকিত হওয়ার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক আসিফ নজরুল।
অধিকারের সভাপতি সি আর আবরারের সভাপতিত্বে সভায় আন্তর্জাতিক নির্যাতনবিরোধী সংস্থা-ওএমসিটির সাবেক মহাসচিব এরিক সটাস, আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম প্রমুখ বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জালাল আহমেদ ও মিরপুর বাঙলা কলেজের শিক্ষার্থী আকরাম আহমেদ তাঁদের ওপর পুলিশি নির্যাতনের বর্ণনা তুলে ধরেন।