অবরোধে গতকাল শুক্রবার চট্টগ্রামে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বৃহস্পতিবার রাতে নগরের প্রবেশপথ সিটি গেট এলাকায় দুটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয় ১০-১২টি গাড়ি। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় রোকন মেম্বারের নেতৃত্বে সন্ত্রাসীরা সিটি গেট এলাকায় দুটি ট্রাকে আগুন এবং আরও কয়েকটি গাড়ি ভাঙচুর করে। আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে ধরেছি। কিন্তু রোকন মেম্বার পালিয়ে গেছেন। তাঁকে ধরার জন্য অভিযান চলছে।’
পুড়ে যাওয়া দুটি ট্রাকের একটিতে কারাধ্যক্ষ আবু মুসার ঘরের আসবাব ছিল। তিনি বান্দরবান থেকে বদলি হয়ে মানিকগঞ্জে যাচ্ছিলেন।
এ বিষয়ে আবু মুসা বলেন, ‘ঘরের মালামাল ট্রাকে ছিল। ট্রাকটি বান্দরবান থেকে মানিকগঞ্জ যাচ্ছিল। চট্টগ্রামের সিটি গেট এলাকায় দুর্বৃত্তরা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আমি ট্রাকের পেছনে আরেকটি গাড়িতে ছিলাম। একটু এগিয়ে গিয়ে দেখি, আগুনে আমার সংসারের সবকিছু ছাই হয়ে গেছে।’
সিটি গেট এলাকায় টহলরত পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, ‘আমরা সিটি গেটের নগরপ্রান্তে ছিলাম। হঠাৎ খবর পাই, গেটের উত্তর প্রান্তে গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটছে। দ্রুত ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। হামলাকারীর সংখ্যা ২০-২৫ জন ছিল।’
নগর পুলিশের বিশেষ শাখার সহকারী কমিশনার কাজী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নাশকতা সৃষ্টির চেষ্টা এবং বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় নগরের বিভিন্ন জায়গা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে