'আটক করেনি'এমন আসামিকে আদালতে আনল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় ছাত্রলীগের গোলাগুলিতে মায়ের জঠরে শিশু গুলিবিদ্ধ ও একজন বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় করা মামলার আসামি মুহম্মদ আলীকে (৩৫) আজ বৃহস্পতিবার পুলিশ আদালতে হাজির করেন। অথচ গতকাল বুধবার মুহম্মদ আলীকে আটক বা গ্রেপ্তারের কথা অস্বীকার করে পুলিশ। 

আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক।
মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইমতিয়াজুল ইসলাম আজ সকালে তাঁর খাস কামরায় ওই জবানবন্দি রেকর্ড করেন।

ইমাউল হক প্রথম আলোকে বলেন, মুহম্মদ আলী আদালতে ওই ঘটনায় নিজের এবং পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত আজিবরসহ আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য দিয়ে জবানবন্দি দেন।

গোয়েন্দা পুলিশের ওসি আরও বলেন, আলীকে গতকাল সকালে মহিলা কলেজ সড়ক থেকে আটক করা হয়। ওই মামলার এজাহারভুক্ত একজন ছাড়া সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত মামলায় অভিযোগপত্র দেওয়া হবে।

মুহম্মদ আলী গত বুধবার সকালে আদালতে আত্মসমর্পণ করতে এলে গোয়েন্দা পুলিশ তাঁকে আটক করে। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করেছিল। বরং পুলিশ ওই আটক নিয়ে রহস্যের সৃষ্টি করে। যা নানা প্রশ্নের জন্ম দিয়েছিল। কারণ এর আগে মামলার ৩ নম্বর আসামি মেহেদী হাসান ওরফে আজিবরকে গত ১৭ আগস্ট বিকেলে মাগুরার শালিখা উপজেলার সীমাখালি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কিন্তু পরে পুলিশ ওই গ্রেপ্তারের কথা অস্বীকার করে। ওই দিন দিবাগত গভীর রাতে আজিবর পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মারা যান।

জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় আজ সকালে প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার ঢাকায় র‌্যাবের হাতে আটক মামলার ১৫ নম্বর আসামি মো. সোলাইমানকে (২৯) আদালতে হাজির করা হয়নি। আজ তাঁকে ঢাকা থেকে মাগুরায় আনা হয়েছে। র‌্যাব তাঁকে আটক করে মিরপুর থানায় হস্তান্তর করেছিল।
মাগুরার দোয়ারপাড় কারিগরপাড়ায় গত ২৩ জুলাই বিকেলে ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়েছিলেন আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নাজমা খাতুন (৩৫)। ওই দিন রাতে মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি গুলিবিদ্ধ কন্যাশিশু জন্ম দেন। গুলি পেটের শিশুটিকে এফোঁড়-ওফোঁড় করে ফেলে।
পরে প্রায় এক মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে মা ও শিশু মাগুরায় ফিরে যান। সংঘর্ষের সময় গুলি ও বোমার আঘাতে আহত হন নাজমার চাচাশ্বশুর মমিন ভূঁইয়া (৬৫)। পরে তিনি মারা যান। মমিন ভূঁইয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকি ইমামের চাচা।
ওই ঘটনায় গত ২৬ জুলাই মমিন ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করেন। মামলার অন্য আসামিরা ছাত্রলীগের নেতা-কর্মী-সমর্থক। চাঞ্চল্যকর মামলাটি ডিবি তদন্ত করছে।
সর্বশেষ দুজনকে ধরার আগ পর্যন্ত মামলার নয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. সোবহান. মো. সুমন, নজরুল ইসলাম, মো. সাগর হোসেন, মো. বাপ্পী, ফরিদ হোসেন, মো. লিটন, মো. মিল্টন ও সেন সুমন। আরেক আসামি আজিবর শেখ ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন।