'আত্মহত্যা নয় বাবাকে গলা কেটে হত্যা করা হয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের কৃষ্ণরামপুর জামে মসজিদের ইমাম জহির উদ্দিন (৫২) আত্মহত্যা করেননি, তাঁকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে মনে করছেন তাঁর বড় ছেলে মোহাম্মদ আলী। তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিৎসকেরাও বলেছেন তাঁর বাবাকে গলা কেটে হত্যা করা হয়েছে। বাবার হত্যাকাণ্ডের বিচার চান তিনি।
ঘটনার সময় জামালপুরে ছিলেন মোহাম্মদ আলী। পরে তাঁকে বাড়িতে ডেকে আনা হয়। গতকাল রোববার মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, একটি মাদ্রাসায় আলিম শ্রেণিতে পড়েন তিনি। বাড়ি থেকে তাঁকে বাবার মৃত্যুর খবর জানানো হয়নি। তাঁকে বলা হয়েছে, বাড়িতে কিছু সমস্যা আছে। তাড়াতাড়ি তাঁকে বাড়ি ফিরে আসতে বলেন স্বজনেরা। গত শুক্রবার বিকেলে বাড়িতে পৌঁছে বাবার মৃত্যুর বিষয়টি জানতে পারেন তিনি।
গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার পর কৃষ্ণরামপুর নিজ বাড়ির শোয়ার ঘর থেকে জহির উদ্দিনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তখন পরিবারের সদস্যরা দাবি করেন, জহির উদ্দিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে তিনি নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, জহির উদ্দিন আত্মহত্যা করেননি। তাঁকে গলা কেটে খুন করা হয়েছে।
মোহাম্মদ আলী বলেন, তাঁর বাবাকে আত্মহত্যা করতে ঘরের কেউই দেখেননি। তাই বিষয়টি তাঁর কাছেও অবিশ্বাস্য মনে হয়েছে। এখন ময়নাতদন্তের পর চিকিৎসকেরা তাঁর বাবাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে যে মতামত দিয়েছেন, তা তিনিও বিশ্বাস করেন।
জহির উদ্দিনের ভাই মো. হেলাল উদ্দিন বলেন, ‘এলাকার কেউই বিশ্বাস করেন না আমার ভাই আত্মহত্যা করতে পারেন। আমি চাই কীভাবে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে, সে রহস্য উদ্ঘাটন হোক। হত্যাকারী যেই হোক তার শাস্তি হোক। আমি তার বিচার চাই।’
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনের আলোকেই এখন মামলার তদন্ত এগোবে। এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহযোগিতা নেওয়া হবে।