'আদম পাচারকারী চক্রের হোতা' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘আদম পাচারকারী চক্রের হোতা’ বাছেদ ওরফে লেংড়া বাছেদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বাছেদ দক্ষিণপাড়া গ্রামেরই বাসিন্দা। তাঁর বাড়ি থেকে তিন যুবককে উদ্ধার করা হয়েছে। সমুদ্রপথে তাঁদের মালয়েশিয়া পাচারের প্রস্তুতি চলছিল। তাঁরা হলেন নরসিংদী বেলাব উপজেলার বোরহান, মাসুম ও হোসেন। বোরহানের বাবা আ. হাই আড়াইহাজার থানায় মামলা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাছেদ দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্রের সহায়তায় মানুষ পাচার করে আসছিলেন। তাঁর মাধ্যমে আড়াইহাজার ও নরসিংদীর বিভিন্ন এলাকার শত শত যুবক সমুদ্রপথে মালয়েশিয়া গেছে। এর মধ্যে অন্তত ২০ জনের মৃত্যুও হয়েছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর জানান, ওই থানায় আদম পাচারকারী চক্রের আরও অনেক সদস্য রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযান চলছে।