'আমরা আবার আসব'
মৌলভীবাজারের রাজনগর উপজেলার চাঁদভাগ চা-বাগানের দুই কর্মচারীর বাসায় গত শনিবার রাতে ডাকাতি হয়েছে। এ সময় শ্রমিকেরা বাগানের পাগলা ঘণ্টা বাজালে ডাকাতেরা দ্রুত চলে যায়। তবে তেমন কিছু নিতে না পারায় তাঁরা যাওয়ার সময় বলে যায় ‘আমরা আবার আসব’।
চা-বাগান ও পুলিশ সূত্রে জানা গেছে, চা-বাগানের কম্পাউন্ডার (চিকিৎসা সহকারী) সজীব ঘোষ ও বাগানের টিলা বাবু (কর্মচারী) আবুল কালাম চৌধুরীর বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতের একটি দল দুই ভাগ হয়ে তাঁদের দুটি বাসার দরজা ভেঙে ভেতরে ঢোকে।
সজীব ঘোষ জানান, তাঁর (সজীব ঘোষ) বাসায় আটজন এবং টিলাবাবুর বাসায় সাতজন ঢুকে চিৎকার করতে নিষেধ করে। ডাকাতেরা অস্ত্রের মুখে জিনিসপত্র খুঁজতে থাকে।
এ সময় চা-বাগানের শ্রমিকেরা ডাকাতের উপস্থিতি টের পেয়ে পাগলা ঘণ্টা বাজাতে শুরু করেন। তখন ডাকাতেরা ‘আমরা আবার আসব’ বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় আতঙ্ক সৃষ্টি করতে তারা দুটি ফাঁকা গুলি ছোড়ে। ডাকাতেরা মুখোশ পরা ছিল।
শ্রমিকেরা জানান, ডাকাতেরা সজীব ঘোষের বাসা থেকে তিনটি মুঠোফোন ও ৫০০ টাকা এবং আবুল কালামের বাসা থেকে দুটি মুঠোফোন ও এক হাজার টাকা নিয়ে গেছে।
রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান তরফদার বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। তেমন কিছু নিতে পারেনি। লোকজন শব্দ শোনার কথা বলেছেন। গুলি কিনা বলা যাচ্ছে না। তবে কেউ আহত হয়নি।’