'আমরা ধরেই নিয়েছিলাম বিস্ফোরণে মারা যাব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের ‘ছায়ানীড়’ বাড়িতে আটকে পড়া বাসিন্দাদের গতকাল সকালে অভিযান শুরু হওয়ার পর উদ্ধার করা হয় l প্রথম আলো
সীতাকুণ্ডের ‘ছায়ানীড়’ বাড়িতে আটকে পড়া বাসিন্দাদের গতকাল সকালে অভিযান শুরু হওয়ার পর উদ্ধার করা হয় l প্রথম আলো

গত বুধবার। বেলা সাড়ে তিনটা। হঠাৎ বিকট শব্দ। পায়ে ব্যান্ডেজ থাকার পরও দৌড়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন মোহাম্মদ শাহাদাত। তাঁকে বাধা দেন বোন সাবিনা ইয়াছমিন। জানালা দিয়ে তাকিয়ে দেখেন পুলিশ বাড়ি ঘেরাও করে রেখেছে। মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে আশপাশের বন্ধু ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে থাকেন শাহাদাত। কী হচ্ছে বোঝার চেষ্টা করেন। এর মধ্যে গুলির শব্দ শুনে আতঙ্ক বেড়ে যায় তাঁর।

বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী শাহাদাতের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায়। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিতে বোনের বাসায় কয়েক দিন আগে উঠেছিলেন তিনি। তখন কে জানত সীতাকুণ্ড পৌরসভার প্রেমতলা চৌধুরীপাড়া এলাকার ‘ছায়ানীড়’ নামের বাড়িটিতে জঙ্গি আস্তানা রয়েছে। জানালার গ্রিল কেটে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাঁদের সবাইকে উদ্ধার করে পুলিশ। অবসান ঘটে টানা ১৯ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অবস্থার।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল দুপুরে শাহাদাত প্রথম আলোকে বলেন, পুলিশ বাড়িটি ঘেরাও করার পর মুঠোফোনের মাধ্যমে প্রথমে ভগ্নিপতি সেলিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন। দ্রুত তাঁদের বের করার আকুতি জানান। পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তাঁর ভগ্নিপতি। কিন্তু কাজ না হওয়ায় সবাইকে দরজা-জানালা বন্ধ করে বসে থাকতে বলেন। বাসার ভেতরে ছিলেন তাঁর বড় বোন সাবিনা (৩০), মেজ বোন মর্জিনা ইয়াছমিন (২০), ভাগনি ফাইরুজা হুমাইরা (৭), ভাগনে হুমায়েত উদ্দিন (৪) ও এক প্রতিবেশীর মেয়ে মাহমুদা সুলতানা (৯)। সন্ধ্যার কিছুক্ষণ আগে পুলিশ মুঠোফোনে তাঁদের আশ্বস্ত করে জানায়, কোনো ভয় নেই। তাঁরা যেন সবাই শুয়ে থাকেন। সন্ধ্যায় বাড়ির বিদ্যুৎ ও ডিশ-সংযোগ বন্ধ করে দেওয়া হয়। তবে বাড়ির চারপাশে আলোর ব্যবস্থা করে পুলিশ। ঘরে অন্ধকার থাকায় ভয় বেড়ে যায়।

শাহাদাত বলেন, শুয়ে থাকতে বললেও ভয় কাটেনি তাঁদের। ঘরের ভেতর শিশুরা কাঁদতে থাকে। একটা সময় তাঁর দুই বোনও কান্না শুরু করেন। এভাবে সন্ধ্যা গড়িয়ে রাত নয়টা বাজে। তখন কয়েক দফা গুলির শব্দ শুনে তাঁদের আতঙ্ক আরও বেড়ে যায়। ভয়ে খাওয়ার কথা ভুলে যান সবাই। রাত ১০টার দিকে মুঠোফোনে জানতে পারেন, বাসার নিচতলার যে ফ্ল্যাটে তাঁরা রয়েছেন এর পাশের ফ্ল্যাটের ভাড়াটেরাই জঙ্গি। তারা আত্মঘাতী বোমা হামলা চালাতে পারে। এটা শোনার পর শুধু আল্লাহকে ডাকতে থাকেন তাঁরা। ধরে নেন আজ আর কেউ বাঁচবেন না।

শাহাদাত বলেন, রাতের পুরো সময় কিছুক্ষণ পর পর আত্মীয়স্বজন, বন্ধুদের কাছে খুদে বার্তার মাধ্যমে বারবার জানতে চেয়েছেন কখন অভিযান শুরু হবে। কেউ নির্দিষ্ট সময় জানাতে পারেনি। সকাল ছয়টায় যখন গুলির শব্দ বেড়ে যায়, তখন আর বুঝতে বাকি ছিল না অভিযান শুরু হয়েছে। তিনি বলেন, ‘আমরা ধরেই নিয়েছিলাম গুলি কিংবা বোমা বিস্ফোরণে মারা যাব। বাড়ি থেকে বের হওয়ার পর মনে হয়েছে বেঁচে আছি। আল্লাহর রহমত ছিল, তাই নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি।’

শাহাদাতের মেজ বোন মর্জিনাও বড় বোনের সঙ্গে থাকেন। তিনি প্রথম আলোকে বলেন, পাশের বাসার শিশু মাহমুদা সুলতানা তাঁর কাছে আরবি পড়ত। বুধবার দুপুরের পর মাহমুদা তাঁর কাছে পড়তে আসে। এর মধ্যে গন্ডগোল শুরু হয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন। তিনি বলেন, ‘পুরো রাত আল্লাহ আল্লাহ করে কাটিয়েছি। সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিস উদ্ধার করার পর মনে হয়েছে, নতুন জীবন পেয়েছি।’

পরিবারের পাঁচ সদস্যসহ ছয়জন অক্ষত অবস্থায় বের হতে পারায় সন্তোষ প্রকাশ করে সেলিম উদ্দিন বলেন, তাঁর স্ত্রী মাহমুদা আতঙ্কে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন চাকরিজীবী আনিছ রহমান। বুধবার বিকেলে তিনি কাজের জন্য বাসার বাইরে ছিলেন। বাসায় ছিলেন তাঁর স্ত্রী জেলিমা বেগম, ছেলে জিহাদ আহমেদ (১৩), জাহিদ আহমেদ (৮) ও মেয়ে আতিয়ার রহমান (৪)।

জেলিমা বেগম বলেন, মৃত্যুর দুয়ার থেকে তাঁরা ফিরে এসেছেন। যতক্ষণ আটকে ছিলেন, সন্তানদের বুকে আগলে রেখেছেন। মরলে তাদের বুকে নিয়ে মরবেন এমন প্রতিজ্ঞা করেছিলেন।