'আমাকে সাবধান করে নিজেই মরল ওর হাতে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাড়ি ফিরতে আমার একটু রাত হলেই দীপা আমাকে নিয়ে চিন্তা করত। আর বাড়ি ফিরলেই বলত, এত রাত করে বাড়ি ফির কেন? ও (আল আমিন) যদি তোমার কোনো ক্ষতি করে...আমাকে সাবধান করে এখন নিজেই মরল ওর হাতে।’ বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন রিনভি আক্তার ওরফে দীপার বাবা সৈয়দ শামসুজ্জামান। গত বৃহস্পতিবার উত্ত্যক্তকারীর ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয় রিনভির।
গতকাল শুক্রবার নরসিংদীর বেলাব উপজেলার বাজনাব সৈয়দপাড়া এলাকায় রিনভিদের বাড়িতে গিয়ে দেখা যায়, রিনভির মৃত্যুর খবর শুনে তাঁকে দেখতে আসা প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের ভিড়। ছোট মেয়ের মৃত্যুর খবরে শোকস্তব্ধ মা ফরিদা বেগম। ঘটনার পর থেকে কিছুই মুখে তোলেননি। সকাল থেকে কারও সঙ্গে কোনো কথাও বলেননি। দুপুরে গণমাধ্যমকর্মীদের সামনে এসে বিচার চেয়ে আহাজারি করেন তিনি। বলেন, ‘আল্লায় আমার ওপর কী গজব ফালাইছে। পরশু দিনও (বুধবার) আলামিনে হের এক বন্ধু দিয়া দীপার মোবাইলে ফোন কইরা নানান কথা কইছে।’
নিহত রিনভির পরিবার ও এলাকাবাসী জানান, ২০১২ সালে ‘গোল্ডেন এ প্লাস’ পেয়ে এসএসসি এবং মনোহরদীর পাঁচকান্দি ডিগ্রি কলেজ থেকে ২০১৪ সালে ‘গোল্ডেন এ প্লাস’ পেয়ে উচ্চমাধ্যমিক পাস করেন রিনভি। স্থানীয় আখের রস বিক্রেতা আল আমিনের উত্ত্যক্তের কারণে রিনভি টাঙ্গাইল সদর উপজেলায় বড় বোন সৈয়দা খায়রুন্নাহারের বাসায় থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করছিলেন। গত সপ্তাহে টাঙ্গাইল
থেকে নরসিংদীর বাড়িতে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রিনভি তাঁর এক ভাতিজিকে নিয়ে বাড়ির পাশে ঘুরতে বের হন। এ সময় আল আমিন পেছন দিক থেকে এসে দা দিয়ে মাথায় ও হাতে কোপ মারেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
ঘটনার সময় সঙ্গে থাকা রিনভির ভাতিজি সানজিদা আক্তার বলেন, ‘হঠাৎ পেছন দিক থেকে আল আমিন এসে দীপার মাথায় দা দিয়ে কোপ দেয়। দীপা মাটিতে লুটিয়ে পড়লে আবারও মাথায় ও হাতে আঘাত করে চলে যায়।’
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, ‘আল আমিন দা দিয়ে কোপের কথা স্বীকার করেছে। এখনো সে জানতে পারেনি রিনভি মারা গেছে। আমরাও জানাইনি। যদি সে কোনো দুর্ঘটনা (আত্মহত্যা) ঘটিয়ে ফেলে। মামলার পর পূর্ণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’