'আমাদের অপরাধটা কোথায়? '

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

ঘটনার মিনিট দশেক আগেও স্বামী জয়নাল আবেদিনের সঙ্গে কথা হয় নারায়ণগঞ্জের আড়াইহাজারের রেশমার। স্বামীকে বলেছিলেন, ‘তুমি বাসায় আস, একসঙ্গে খাব।’ গতকাল রাতে তাঁদের আর একসঙ্গে খাওয়া হয়নি। এর কিছুক্ষণ পরই আবার জয়নাল আবেদিনের ফোন আসে। নিজেই জানান, তাঁর আগুনে দগ্ধ হওয়ার কথা। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে রেশমা জানান তাঁর এই মর্মন্তুদ কাহিনি।
রেশমা বলেন, ‘প্রতিদিন অন্য মানুষের আগুনে দগ্ধ হওয়ার খবর শুনি। নিজেও এমন ঘটনার শিকার হব, কল্পনা করতে পারিনি। আমাদের অপরাধটা কোথায়?’
এ প্রশ্ন শুধু রেশমার একার নয়, বার্ন ইউনিটে ভর্তি দগ্ধ রোগীদের স্বজনদের প্রায় প্রত্যেকেরই ক্ষোভভরা জিজ্ঞাসা—তাঁদের অপরাধটা কোথায়?
গতকাল শুক্রবার রাতে যাত্রাবাড়ীতে দগ্ধ ২৮ জনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের অবৈতনিক উপদেষ্টা সামন্ত লাল সেনের ভাষ্য, তাঁদের কেউ আশঙ্কামুক্ত নন।
আজ সকালে বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, ভর্তি হওয়া রোগীদের সবাই বিছানা পাননি। বেশির ভাগ দগ্ধ রোগীকে করিডরে রাখা হয়েছে। কাকে কোথায় দেওয়া হবে, চিকিৎসক ও সেবিকারা ওই তালিকা করছিলেন।
গতকাল রাতের ঘটনার আরেক দগ্ধ কাঁচপুরের আবুল হোসেন সোয়েটার কারখানায় কাজ করতেন। অনেক দিন কাজ ছিল না। কাল নতুন কাজের খোঁজে বের হয়ে আশ্রয় নিতে হলো বার্ন ইউনিটে। আবুল হোসেনের সারা শরীর দগ্ধ হয়ে গেছে। বাঁ চোখ খুলতে পারছেন না তিনি।

তাঁর স্ত্রী রিনা বেগম বলেন, সাড়ে আটটার সময় তাঁর সঙ্গে মুঠোফোনে কথা হয়। একটু পর রওনা হওয়ার কথা বলেছিলেন আবুল হোসেন। রাত ১০টার দিকে আবার স্বামীর মোবাইল ফোন থেকে ফোন আসে। তবে আবুল হোসেন নন, অন্য একটি লোক স্বামীর দগ্ধ হওয়ার কথা জানান তাঁকে।

অবরোধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৭৮ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে বার্ন ইউনিটে। এর মধ্যে ৫২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রাতে যাত্রাবাড়ীতে বাসে বোমা মারার ঘটনায় একই বাসের ২৮ জন দগ্ধ হন। পুলিশ জানায়, রাত পৌনে ১০টার দিকে গুলিস্তান থেকে যাত্রীবাহী গ্লোরি পরিবহনের একটি বাস নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাচ্ছিল। বাসটি ডেমরা রোডের কাঠেরপুল এলাকায় পৌঁছালে কে বা কারা বাসের বাঁ পাশে পেট্রলবোমা ছুড়ে মারে। এতে বিকট শব্দ হয়ে পুরো বাসেই আগুন ধরে যায়। দগ্ধ হন ২৮ জন। নামতে গিয়ে আহত হন আরও একজন। অন্য যাত্রীরা দরজা ও জানালা দিয়ে কোনো রকমে রক্ষা পান।