'আমাদের পুড়াইয়া লাভ কী?'

ছয় মাস আগে বিয়ে করেছেন ট্রাকচালক মহব্বত শেখ (৩০)। ২৬ জানুয়ারি স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছিলেন ট্রাক নিয়ে। গত রোববার বিকেলে স্ত্রীকে জানিয়েছিলেন, ফিরে আসছেন তিনি। কিন্তু সুস্থ দেহে তাঁর আর ফেরা হয়নি। অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এখন অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন মহব্বত। ‘শরীর জ্বলতাছে। কী যে যন্ত্রণা! যারা আগুন দেয় ওদের কি কোনো দয়া-মায়া নাই। আমাদের পুড়াইয়া লাভ কী?’ কাঁপা কাঁপা গলায় কথাগুলো বলছিলেন তিনি। গত রোববার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে সারবোঝাই ট্রাক নিয়ে বগুড়া থেকে রংপুর আসার পথে তিনি পেট্রলবোমায় অগ্নিদগ্ধ হন। তাঁর সঙ্গে দগ্ধ হন তাঁর ভাগ্নে ও সহকারী জেলাল শেখ (৩০)। গতকাল সোমবার হাসপাতালে তাঁর স্ত্রী সাবরিয়া আকতার বলেন, ‘রোববার অনেক রাইতে জানলাম স্বামী রংপুর মেডিকেলে। এই হরতালের মধ্যে ছুটি আসছি। এলা স্বামীর যে কী হইবে তা বুঝবার পাইছি না।’হাসপাতালে পরিচালক আবদুল কাদের খান জানান, এই দুজনেরই মুখ, দুই হাতসহ শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। বার্ন ইউনিটে স্থান সংকুলান না হওয়ায় তাঁদের বার্ন ইউনিট থেকে সার্জারি বিভাগের ছয় নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।এর আগে ট্রাক ও বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়ে আরও ছয়জন বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত ১২ জানুয়ারি এনার এন্টারপ্রাইজ নামের নৈশকোচে পেট্রলবোমায় দগ্ধ হন রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি এলাকার নরসুন্দর নজরুল ইসলাম। তিনি বলেন, ‘মুই গ্রামোত নাপিতের কাজ (নরসুন্দর) করিয়া আয়-ওজগার করোও। মোর একনা ছাওয়া। মনিরা বেগম (১০) ক্লাস থিরিত পড়ে। মোর যদি কিছু হয় ছাওয়াটার কী হইবে?’
একই গাড়িতে দগ্ধ হন রংপুরের বদরগঞ্জ উপজেলার কছিরপাড়া গ্রামের আসাদুল ইসলাম (৩৫)। তিনি ঢাকায় রিকশা চালান। ঘটনার দিন ঢাকা যাওয়ার জন্য ওই বাসে উঠেছিলেন। তিনি বলেন, ‘ঢাকাত রিকশা চালেয়া বাড়িত টাকা পাঠাই। সেই টাকা দিয়া হামারগুলার কোনো রকমে সংসার চলে। এলা যে কেমন করি সংসার চলবে তা আল্লায় জানে!’
এ ছাড়া রংপুরের মিঠাপুকুরে গত ১৩ জানুয়ারি দিবাগত রাতে চলন্ত বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ হন কুড়িগ্রামের রাজারহাটের সবুজপাড়া গ্রামের নির্মাণশ্রমিক আনোয়ার হোসেন (৩২)। তাঁর কিছু হয়ে গেলে তাঁর স্ত্রী ও বাচ্চাদের কে দেখবে তা নিয়ে চিন্তায় পড়েছেন। সেই সঙ্গে চিকিৎসাধীন আছেন দিনাজপুরের ট্রাকচালক হামিদুর রহমান (৩৩), দিনাজপুরের ঘোড়াঘাটের ট্রাকচালক মো. আনিছ (২৬) ও ঠাকুরগাঁওয়ের ট্রাকচালক রফিকুল ইসলাম (৪৫)।
এদিকে গতকাল সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ হাসপাতালে দগ্ধ রোগীদের দেখতে গিয়ে চিকিৎসাধীন রোগীর স্বজনদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে দেন।