'আমার পুত দেশের লাইগা জীবন দিছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত পুলিশ সদস্য আনছারুল হক
নিহত পুলিশ সদস্য আনছারুল হক

কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠের কাছাকাছি টহল পুলিশ সদস্যদের ওপর জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্য আনছারুল হকের (৩২) বাড়ি নেত্রকোনার মদন উপজেলার দৌলতপুর গ্রামে। গত বৃহস্পতিবার বিকেলে তাঁর বাড়িতে গিয়ে দেখা গেছে, পরিবারের সক্ষম ছেলেটিকে হারিয়ে মা রাবেয়া খাতুন (৬৫) বিলাপ করে বারবার মূর্ছা যাচ্ছেন। একটু জ্ঞান ফিরলেই বলছেন, ‘আমার পুত আইজ ঈদের দিন শোলাকিয়া মাঠে শহীদ হইছে, দেশের লাইগা জীবন দিছে।অহন আল্লা আমার কী হইবো গো! আমি রাইনধা থইছি, কইছে ঈদের পরদিন আইয়া খাইবো। অহন পুতের লাশ আইতাছে।’
স্থানীয় ত্রিয়োশ্রী কালীবাড়ি বাজারে চায়ের দোকানদার বড় ভাই নাজমুল হক সকালে ঈদের নামাজ আদায়ের পরপরই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে বাকরুদ্ধ হয়ে আছেন। অটোরিকশাচালক ছোট ভাই আমিরুল হক কাঁদতে কাঁদতে বলেন, বছর সাতেক আগে সবার বড় ভাই আতিকুর হক সিলেটে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা যাওয়ার পর আনছারুল তাঁদের সংসারের হাল ধরেন। এক চিলতে ভিটে ছাড়া তাঁদের আর কোনো জমিজমা নেই। কীভাবে এখন সংসার চলবে কিছুই বুঝে উঠতে পারছেন না। তিনি বলেন, ‘ভাই কাইল রাইতে (বুধবার দিন) ফোন দিয়া কইছিল, আম্মারে লইয়া তোমরা ঈদ করো। আমার ছুটি নাই, ঈদের পরের দিন আইয়াম।’
আনছারুলরা পাঁচ ভাই ও এক বোন। ছোট বোন ফাতেমাও পাঁচ বছর আগে মারা যান। সবার ছোট ভাই আইনুল হক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) নবম শ্রেণির শিক্ষার্থী। তিনি ঢাকায় তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন।
পাশের বাড়ির আবদুস ছালাম জানান, আনছারুল ২০০৬ সালের ২৪ অক্টোবর পুলিশের চাকরি নিয়ে রাজারবাগ পুলিশ লাইনসে যোগ দেন। এর পরের বছর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাঁচহাট কোনাপাড়া গ্রামের সবুজ মিয়ার মেয়ে রুনা আক্তারকে বিয়ে করেন। তাঁদের কোনো সন্তান নেই। তাঁরা কিশোরগঞ্জের আলোর মেলা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
ঘটনার দিন (বৃহস্পতিবার) সন্ধ্যার পর আনছারুল হকের লাশ গ্রামে পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। তাঁর পরিবার ও স্বজনদের আহাজারি দেখে নেত্রকোনা জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার জয়দেব চৌধুরীও চোখের পানি ধরে রাখতে পারেননি। তাঁরা ও সঙ্গে থাকা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে নগদ ১৫ হাজার টাকা প্রদান করেন।
জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান বলেন, ‘নিহতের পরিবারটির অবস্থা একেবারেই অসচ্ছল। শুনেছি তিনিই একমাত্র উপার্জনশীল ছিলেন। এমন একজন দেশপ্রেমিক পুলিশ সদস্যকে হারিয়ে আমরা শোকার্ত।’
রাত সাড়ে নয়টায় স্থানীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে বাড়ির সামনে পারিবারিক কবরস্থানে আনছারুলের লাশ দাফন করা হয়।