
‘মা/ভাইয়া আমাকে ক্ষমা করে দিও। আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু নিষ্ঠুর পৃথিবীর মানুষেরা আমাকে বাঁচতে দিল না। আমার মৃত্যুর জন্য দায়ী তারেক, তারেকের মা ও তার বোন কনিকা। আমার মৃত্যুর প্রতিশোধ তোমরা নিও।’ গত বৃহস্পতিবার আত্মহত্যার আগে লেখা চিঠিতে স্কুলছাত্রী শারমিন আক্তার এসব লিখে গেছে বলে দাবি করছেন তার স্বজনেরা।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ফরিদউদ্দিন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী শারমিন গত বৃহস্পতিবার দুপুরে আত্মহত্যা করে। অভিযোগ উঠেছে, তারেক নামের এক সহপাঠী দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করছিল। সর্বশেষ বৃহস্পতিবার শ্রেণিকক্ষ থেকে শারমিনকে পুকুরপাড়ে ডেকে নিয়ে তারেক তার গালে থাপড় মারে ও মুখে থুতু ছিটিয়ে দেয়। একই দিন তারেকের মা বিদ্যালয়ে গিয়ে শারমিনকে শাসান ও অপমান করেন। এই অপমান ও লাঞ্ছনা সইতে না পেরে বিরতির সময় ছুটি নিয়ে বাড়ি ফিরে নিজের শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয় সে।
স্বজনদের দাবি, শারমিনের ঘর থেকে আত্মহত্যার আগে তার লেখা একটি চিঠি পাওয়া গেছে। গত শুক্রবার বিকেলে চিঠিটি মামলার তদন্ত কর্মকর্তা শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নিজাম উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়েছে।
চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে এসআই নিজাম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘চিঠিটি ওই স্কুলছাত্রীর হাতের লেখা কি না, আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। তার হাতের লেখা মিলিয়ে দেখা হচ্ছে। অন্যান্য বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। তবে চিঠিটি কখন লেখা হয়েছে, এর সময় বা তারিখ উল্লেখ নেই।’
শারমিন ও মোমিন হোসেন ওরফে তারেক ফরিদউদ্দিন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। শারমিনের বাড়ি উপজেলার হাড়িয়া গ্রামে। তারেক সাংহাই গ্রামের বাসিন্দা।
শারমিনের ভাই সাহাবুদ্দিন অভিযোগ করে বলেন, ঘটনার দিন তারেক ও তার মা বিদ্যালয়ে গিয়ে তার বোনকে অপমান ও অপদস্থ করেন। শারমিন বিদ্যালয়ের শিক্ষকদের কাছে ঘটনাটি জানিয়েও কোনো প্রতিকার পায়নি। এই দুঃখ, অপমান ও ক্ষোভে সে ফাঁস নেয়।
প্রতিকার চেয়ে না পাওয়ার অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান বলেন, ‘মেয়েটি আমাদের কাউকে ওই ঘটনা জানায়নি।’
এসআই নিজাম জানান, বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী তারেককে বৃহস্পতিবারই আটক করে পুলিশে সোপর্দ করে। এ ছাড়া তারেকসহ সাতজনকে আসামি করে মামলা হয়। পরে আদালতের মাধ্যমে তারেককে কারাগারে পাঠানো হয়। অন্য আসামিরা পলাতক আছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শারমিনকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ এনে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত বিদ্যালয়ের সামনে এলাকাবাসী মানববন্ধন করে।