‘আমার আব্বা তো কারও শত্রু ছিলেন না। তাঁকে কেন ককটেল ছুড়ে খুন করা হয়েছে?’ এই প্রশ্ন চট্টগ্রামে ককলেট হামলায় নিহত মোহাম্মদ রিদওয়ানের মেয়ে আয়েশা আক্তারের (১৯)।
গত বুধবার কালুরঘাট সিঅ্যান্ডবি এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেলে মোহাম্মদ রিদওয়ান নিহত হন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রিদওয়ানের লাশ তাঁর চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরার বাড়িতে নেওয়া হয়। এ সময় স্বজনদের আহাজারিতে সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। বাদ আসর বাড়ির সামনে মাদ্রাসার মাঠে জানাজার পর রিদওয়ানের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত রিদওয়ান জমি বেচাকেনার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি। বড় ছেলে মোহাম্মদ ইয়াহিয়া (১৭) স্থানীয় একটি টেক্সটাইল কারখানায় চাকরি করেন। ছোট ছেলেমোহাম্মদ বেলাল ইউসেপ কারিগরি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
রিদওয়ানের স্ত্রী আমেনা বেগম বিলাপ করতে করতে বলেন, ‘আমার তিন ছেলেমেয়ের জন্য ওদের বাবা কিছু করে যেতে পারেনি। আমার সন্তানদের এখন কে দেখবে?’
রিদওয়ানের মেয়ে আয়েশা বলেন, ‘বুধবার বিকেলে আব্বাকে হাসিমুখে বাসা থেকে বের হতে দেখলাম। এখন লাশ হয়ে তিনি ফিরলেন।’ তিনি বলেন, ‘আমার আব্বাকে যারা মেরেছে, তাদের কঠিন শাস্তি চাই। সরকার যেন আব্বার খুনিদের তাড়াতাড়ি খুঁজে বের করে বিচার করে।’
রিদওয়ানের বড় ভাই শামসুল আলম বলেন, ‘রিদওয়ান জমি বেচাকেনার ব্যবসা করত। বছরে দু-একটা কাজ করতে পারত। তাই একটু অভাব-অনটনের মধ্যে সংসার চলছে।’
এদিকে রিদওয়ান হত্যার ঘটনায় চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানসহ ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে চান্দগাঁও থানায় হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) শেখ শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এজাহারভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’