'আমার সন্তানরে ওরা মাইরা ফালাইছে'
‘আমার সন্তানরে ওরা মাইরা ফালাইছে। আমি ওদের বিচার চাই।’ গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা আল হেরা হাসপাতালের সামনে গতকাল বৃহস্পতিবার এক নবজাতকের লাশ নিয়ে এভাবেই বিলাপ করছিলেন নবজাতকের বাবা তোফাজ্জল হোসেন।
তোফাজ্জলের স্ত্রী ফারজানা আক্তার যন্ত্রণায় ছটফট করছেন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের বেডে শুয়ে। উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার আল হেরা হাসপাতালের কর্মচারীরা বিশেষজ্ঞ চিকিৎসক সেজে গত বুধবার রাতে ওই প্রসূতির অস্ত্রোপচারের চেষ্টাকালে ভূমিষ্ঠ হওয়ার আগেই শিশুর মৃত্যু ঘটে বলে অভিযোগ করেছেন তোফাজ্জল ও তাঁর স্বজনেরা।
শ্রীপুর উপজেলার মাওনা মধ্যপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন বলেন, ‘অন্তঃসত্ত্বা আমার স্ত্রী ফারজানা আক্তারের প্রসব ব্যথা উঠলে গত বুধবার বিকেলে আল হেরা হাসপাতালে নিয়ে যাই। ব্যথা নিরাময়ের কিছু ওষুধ দেওয়ার পর হাসপাতালের ম্যানেজার এসে বলেন, রোগীর অবস্থা ভালো না, দ্রুত অপারেশন করতে হবে। তবে আমাদের এখানে কোনো ডাক্তার নেই। দ্রুত ঢাকা নিয়ে যান।’
ম্যানেজারের কথায় তোফাজ্জল অ্যাম্বুলেন্স এনে স্ত্রীকে ঢাকা নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় ওই ম্যানেজার এসে বলেন, ‘ডাক্তার আছে, আমরাই অপারেশন করতে পারব।’ ম্যানেজারের কথায় আশ্বস্ত হয়ে ১৪ হাজার টাকায় ওই হাসপাতালে ফারজানার অপারেশনের অনুমতি দেন তোফাজ্জল। এ সময় আল হেরা হাসপাতালে কোনো সার্জন কিংবা গাইনি ডাক্তার ছিলেন না, এমনকি অজ্ঞানের ডাক্তারও ছিলেন না বলে তাঁর অভিযোগ। অপারেশন থিয়েটারে নিয়ে হাসপাতালের নার্স-কর্মচারীরা ফারজানাকে অজ্ঞান করিয়ে অপারেশন করার চেষ্টা করেন। কিন্তু অবস্থার অবনতি হলে মালিকপক্ষকে জানানোর পর সাড়ে তিন হাজার টাকা রেখে দ্রুত তাঁকে ঢাকা পাঠানোর পরামর্শ দেন। অজ্ঞান অবস্থায় ফারজানাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মধ্যরাতে মৃত পুত্রসন্তান প্রসব করেন তিনি।
তোফাজ্জল বলেন, ওই হাসপাতালের ডাক্তাররা তাঁকে বলেছেন, আগের হাসপাতালে রোগীর ভুল চিকিৎসা হয়েছে। সেখানেই শিশুটি মারা গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোতালেব মিয়া জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। পরে ওই প্রসূতির সব চিকিৎসার ব্যয়ভার গ্রহণের প্রতিশ্রুতি দিলে তাঁরা লাশ নিয়ে দাফন করেন।
হাসপাতালের পরিচালক ডা. আবুল হোসাইন জানান, অভিযোগ পুরোপুরি সঠিক নয়। এ সময় গাইনি বিশেষজ্ঞ ডা. সেলিনা আক্তার ও অজ্ঞানের ডাক্তার ইমরুল কায়সার অপারেশন থিয়েটারে ছিলেন। রোগীর অবস্থা ভালো নয় বলে তাঁরা পরামর্শ করে ঢাকায় স্থানান্তর করেন।