'আর একটি শিশু হত্যাও দেখতে চাই না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে একের পর এক শিশুহত্যা ও নির্যাতনের ঘটনা ঘটছে। ঘরে-বাইরে শিশুরা আর সম্পূর্ণ নিরাপদ নয়। বিশেষ করে কর্মক্ষেত্রে নানা ধরনের নির্যাতনের পাশাপাশি অনেক শিশুকেই বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে এবং সর্বস্তরে সচেতনতা না বাড়ালে এসব ঘটনা ঘটতেই থাকবে।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকায় শিশু নির্যাতনবিরোধী এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। নারায়ণগঞ্জে শ্রমজীবী শিশু সাগর বর্মণ হত্যার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে চট্টগ্রাম বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদ্‌যাপন পরিষদ। মানববন্ধনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি শ্রমজীবী শিশুরাও অংশ নেয়।

বাংলাদেশ শিশু একাডেমী চট্টগ্রামের জেলা শিশু সংগঠক নারগিস সুলতানার সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের সহকারী পরিচালক আনজুমান বানু, কর্মসূচি ব্যবস্থাপক টুটুল কুমার দাশ, সিরাজুল ইসলাম, অর্গানাইজেশন ফর দ্য পুওর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের (অপকা) সমন্বয়কারী শাহাদাত হোসাইন চৌধুরী, পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) আঞ্চলিক সমন্বয়কারী পীযূশ দাশ গুপ্ত, বেসরকারি উন্নয়ন সংস্থা উৎসের অ্যাডোলসেন্ট ফোরামের সদস্য হাবিবা রিমা ও ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের প্রতিনিধি শাহরিয়ার তামিম বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে নারগিস সুলতানা বলেন, শিশু নির্যাতনের ঘটনায় অনেক সময় অপরাধীরা পার পেয়ে যায়। এই নির্যাতন বন্ধ করতে হলে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।