'আর গাঁজা খাব না!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল আমিন।
আল আমিন।

আসামির কাঠগড়ায় আর কেউ ছিল না। ২০-২২ বছরের এক যুবক আসামির কাঠগড়ায় পায়চারি করছিল। বিড়বিড় করে কি যেন বলছিল। আর পায়চারি করছিল। কিছুক্ষণ পরপরই বলছিল, ‘গাঁজা, গাঁজা, গাঁজা। জীবন শেষ হয়ে গেল।’ এ কথা বলেই হাউমাউ করে কাঁদছিলেন। বলছিল, ‘মাগো, আমি ভালো হয়ে যাব। আমাকে আর একটা সুযোগ দেন। আমাকে এখান থেকে নিয়ে যান।’ আসামির কাঠগড়ায় থাকা এই তরুণের নাম আল আমিন। বয়স তাঁর ২১ বছর। আপন মায়ের করা চুরির মামলায় পুলিশ আজ তাঁকে ধরে আদালতে হাজির করেছে।

পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ছেলেটি বন্ধুদের পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়ে পড়েন। তাঁর বাবা-মাকে এলাকার লোক ভালো বলেছে। তাঁদের অবস্থাও ভালো। তাঁর মা–বাবা বহু চেষ্টা করেও কোনোভাবে মাদকাসক্ত অবস্থা থেকে বের করে আনতে পারেননি। তাই বাধ্য হয়ে মামলা করেন। পরে আদালত এই ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিলে আমি আজ বৃহস্পতিবার তাঁকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি।’
আদালতে করা মামলায় যুবকের মা বলেছেন, তাঁদের প্রথম সন্তান আল আমিন। কয়েক বছর ধরে নেশা করছে। নেশা করে মাতাল থাকে। নেশা থেকে দূরে আনার বহু চেষ্টা করেছেন। কিন্তু ব্যর্থ তিনি। গত ২ মে মাতাল অবস্থায় তার কাছে আল আমিন পাঁচ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে সে শাবল দিয়ে বাসার আলমারির তালা ভেঙে তিন হাজার টাকা নিয়ে যায়। এ সময় বাধা দিলে তাঁকে নির্যাতন করে আল আমিন।
৪ মে ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলা করেন আল আমিনের মা। আদালত মামলাটি আমলে নিয়ে আল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালতের বারান্দায় দাঁড়িয়ে আল আমিন বললেন, বড় ছেলে হওয়ায় মা–বাবা তাঁকে খুব আদর করতেন। যখন যা চেয়েছেন, তা–ই তার মা–বাবা দিয়েছেন। পল্লবীর একটি স্কুলে ক্লাস নাইন পর্যন্ত লেখাপড়া করে। তখন বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে সিগারেট খাওয়া শুরু করেন। পরে গাঁজা খাওয়া শুরু করেন। গাঁজায় ভয়ানক আসক্ত হওয়ার কারণে তাঁর মধ্যে একধরনের অস্থিরতা কাজ করে। বাজে বন্ধুদের সঙ্গে যাতে মিশতে না পারেন, সে জন্য ছয় বছর আগে তাঁকে বিদেশে পাঠানো হয়। কিন্তু কোনোভাবে তিনি নেশা ছাড়তে পারেনি। পরে দুই বছর আগে দেশে ফিরে আসেন।
এ গল্প শোনানোর পর আল আমিন কাঁদতে কাঁদতে বললেন, তাঁর মা–বাবা বহু চেষ্টা করেছেন তাঁকে নেশা থেকে বাঁচানোর জন্য। তাঁরা ভেবেছিলেন, বিয়ে করলে সে ভালো হয়ে যাবে। তাই দেড় বছর আগে তাঁকে বিয়ে দেওয়া হয়। কিন্তু নেশা করার কারণে তাঁর মধ্যে অস্থিরতা কাজ করত। পরে স্ত্রীর পরিবার বুঝতে পেরে তাঁকে (স্ত্রী) নিয়ে যান। তখন আল আমিনকে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানেই সে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে তাঁর মা চুরির মামলা দিয়ে তাঁকে পুলিশে ধরিয়ে দেন।
আলামিন আদালতের এজলাস কক্ষে যাকে দেখছিলেন, তাকেই বলছিল, ‘স্যার। আমাকে মুক্ত করেন। আমি আর গাঁজা খাব না। আমি ভালো হয়ে যাব।’ এ কথা বলে যুবকটির চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়তে থাকে।