'আসবি না, আসলে কোপাব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কচুক্ষেতে মিলিটারি পুলিশ সদস্য সামিদুল ইসলামকে কুপিয়েছে যে যুবক, তাঁকে ধরতে হয়েছে প্রায় ঘণ্টাখানেক ধাওয়া করে।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান প্রথম আলোকে এ তথ্য দিলেও আনুমানিক ৩০-৩৫ বছরের ওই যুবকের নাম প্রকাশ করতে রাজি হননি।

আহত সামিদুল এখনও ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। আর ওই দুর্বৃত্তকে সকাল সাড়ে ১০টার দিকে ধরার পর গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের কার্যালয়ে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার পর ওই যুবককে ধাওয়া করেছেন এমন তিনজনের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। এ ছাড়া যেখান থেকে ওই যুবককে ধরা হয়েছে সেখানে সরেজমিনে গিয়ে জানা গেছে, সামিদুলকে ছুরিকাঘাতের পর ওই ব্যক্তি উত্তর কাফরুল স্কুল রোডে ঢোকে। ওই যুবকের পরনে ছিল খয়েরি রঙের ফুল হাতা শার্ট আর চেকের লুঙ্গি। ভেতরে শর্ট প্যান্ট ছিল। দাঁড়িও আছে তাঁর।

ধাওয়া খেয়ে ওই যুবক প্রথমে আরমান সাহেবের বাসা গলির ২৩৯/২ নম্বর বাড়ির গেটের সামনে দাঁড়ান। প্রায় দুই ফুট লম্বা ছুরি নাড়াতে নাড়াতে তিনি ধাওয়াকারীদের উদ্দেশে বলতে থাকেন, ‘কেউ সামনে আসবি না, আসলে কোপাব’। তারপর ওই যুবক সেখান থেকে বের হয়ে উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়ে ঢোকার চেষ্টা করেন। তবে শ্যামাপূজা উপলক্ষে বিদ্যালয়টি বন্ধ থাকায় তিনি সেখানে ঢুকতে পারেননি। চলে যান পাশের গলির একটি বাড়িতে। ওই বাড়ির প্রধান ফটক খোলা ছিল। ভবনের কলাপসিবল গেটও খোলা ছিল। তিনি দৌড়ে ওই ভবনের পাঁচতলায় ওঠে যান। ছাদে যাওয়ার চেষ্টা করেও পারেননি। ছাদের দরজা বন্ধ ছিল। এর মধ্যে কাফরুল থানার পুলিশ, মিলিটারি পুলিশ, সামরিক বাহিনীর সাদা পোশাকের কর্মকর্তারা ওই বাড়ির সামনে অবস্থান নেন।

ওই যুবক পাঁচতলায় থাকার সময় বাড়িটির দারোয়ান হারুনুর রশীদ ভবনের কলাপসিবল গেট আটকে দেন। পরে ‘নেমে না এলে গুলি করা হবে’ -- এমন হুমকি দেওয়ার পর তিনি নিচে নেমে আসে। ছাদ থেকে নেমে আসার সময় তিনি দোতলা বাসার দরজার সামনে থাকা পাপোশে রক্তমাখা ছুরিটি লুকিয়ে রেখে আসলেও পরে তা উদ্ধার করা হয়।