'আসামি গ্রেপ্তার না হওয়ার জন্য দায়ী পুলিশের নিষ্ক্রিয়তা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় স্কুলছাত্র মাশুক ফেরদৌস হত্যাকাণ্ডের চার দিন পরও মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী ও মাশুকের বাবা ইমদাদুল হক। তাঁর অভিযোগ, পুলিশ সক্রিয় না হওয়ায় আসামি ধরা পড়ছে না।
মাশুক হত্যার প্রতিবাদে গতকাল বুধবার শহরের সাতমাথায় জেলা ব্রেড-বিস্কুট অ্যান্ড কনফেকশনারি মালিক সমিতি আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ অভিযোগ করেন ইমদাদুল হক।
বগুড়ার এসওএস হারম্যান মেইনার কলেজের নবম শ্রেণিতে পড়ত মাশুক ফেরদৌস। গত শনিবার সন্ধ্যায় শহরের মাটিডালি এলাকার বাসা থেকে ডেকে নিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। গত মঙ্গলবার মাশুকের বাবা এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমদাদুল হক বাদী হয়ে মাটিডালি উচ্চবিদ্যালয়ের সভাপতি মাহবুব হামিদ এবং তাঁর ছোট ভাই ও ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মেজবাহুল হামিদসহ ১৬ জনকে আসামি করে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ঘটনার পর থেকেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, মাটিডালি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে মাশুককে হত্যা করা হয়েছে।
তবে আসামি গ্রেপ্তারে নিষ্ক্রিয়তার অভিযোগ নাকচ করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আসামি গ্রেপ্তারে অভিযান চলছে। বৃহস্পতিবারের (আজ) মধ্যেই এই হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে।