'আহরণকারীরা সচেতন হলে মৎস্য উৎপাদন বাড়বে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান চতুর্থ, এটি নিঃসন্দেহে গৌরবের বিষয়। মাছ ধরার নিয়মকানুন সম্পর্কে মৎস্য আহরণকারীদের আরও সচেতন করা গেলে এর উৎপাদন আরও বাড়বে।

গতকাল বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ উদ্‌যাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। এবারের মৎস্য সপ্তাহের স্লোগান হচ্ছে, ‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে।’

চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিচালক নাসিরুদ্দিন মো. হুমায়ুন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের ডিন নুরুল আবছার, চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার শহীদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আমিনুল ইসলাম, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. রহুল আমীন বলেন, বাংলাদেশে সবচেয়ে বেশি মৎস্যসম্পদ আহরিত হয় চট্টগ্রামে। মিয়ানমারের বিপক্ষে সমুদ্রসীমা জয়ের পর মৎস্যসম্পদ আহরণের ক্ষেত্রও বেড়েছে। এ ছাড়া দেশের একমাত্র মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র হালদা নদীও চট্টগ্রামে অবস্থিত। এই হালদা বাংলাদেশের গৌরব। হালদা রক্ষা কমিটি এই নদীকে রক্ষার বিষয়ে তৎপর।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে অনেকে নদী ও সমুদ্র থেকে মাছের ডিম পর্যন্ত তুলে আনছেন। এ ধরনের কাজ বন্ধ করার বিকল্প নেই।

আলোচনা সভা শেষে সার্কিট হাউসের প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরের আসকার দিঘি এলাকায় গিয়ে শেষ হয়। এরপর আসকার দিঘিতে রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।