'ইনডোর গেমসে'র নামে জুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের ছত্রচ্ছায়ায় প্রায় আড়াই বছর ধরে ‘ইনডোর গেমসে’র নামে প্রকাশ্যে চলছে জুয়া-হাউজি। সম্প্রতি প্রশাসন অভিযান চালিয়ে তা বন্ধের নির্দেশ দিলেও কোনো কাজ হয়নি। এ ক্ষেত্রে হাইকোর্টের এক আদেশকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। বুড়ো আঙুল দেখানো হচ্ছে প্রশাসনকে।
জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া শহরের বাদুরতলা এলাকার মেসার্স শুকরা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের মালিক ও বগুড়া শহর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল মান্নান এ আসর বসিয়েছেন। তিনি হাইকোর্টে রিট আবেদন করে দুস্থ ব্যক্তিদের সহায়তার জন্য হাউজি, ডাব্বু ও ওয়ানটেন পরিচালনার অনুমতি চান। উচ্চ আদালত ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী তিন বছরের জন্য ইনডোর গেমসের অনুমতি দেন। তবে শর্ত ছিল, আয়োজনটা হবে ‘ইনডোর’-এ অর্থাৎ ঘরের ভেতরে। কিন্তু আওয়ামী লীগের নেতা আবদুল মান্নান এবং জেলা ও শহর যুবলীগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা প্রকাশ্যে জুয়া-হাউজির আসর বসিয়েছেন। স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা হলেও পুলিশের সহযোগিতায় আয়োজকেরা তা দেদার চালিয়ে যাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রথমে এক বছর শহরের নামাজগড় ও দত্তবাড়ি এলাকায় এই জুয়া-হাউজির আসর বসানো হয়। গত বছরের ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে তা চকসূত্রাপুর-নুরানী মোড় এলাকায় স্থিত হয়। সেই থেকে চলছে প্রকাশ্যে জুয়া-হাউজি। চকসূত্রাপুর-নুরানী মোড় এলাকায় প্যান্ডেল তৈরি করে, শামিয়ানা টানিয়ে ও আলোকসজ্জা করে জুয়া-হাউজি চলছে। এখানে প্রতিদিন গড়ে অর্ধশত প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে করে বিভিন্ন জেলা থেকে আসছেন পেশাদার-অপেশাদার জুয়াড়িরা। রাতভর চলে হাউজি, ডাব্বু ও ওয়ানটেন।
আদালতের আদেশ দেখিয়ে জুয়াড়িদের জন্য পুলিশি নিরাপত্তাও নেওয়া হচ্ছে। জুয়াড়িদের রাতের খাবার, ঘুমানোসহ আরাম-আয়েশের ব্যবস্থাও থাকে প্যান্ডেলে। পেশাদার জুয়াড়িদের সঙ্গে এই আসরে খেলতে আসে উঠতি বয়সের কিশোরসহ অপেশাদার অনেকে। জুয়ার টাকা জোগাতে ঘটছে খুনখারাবি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড। গত এপ্রিলে ওই আসরের দুই জুয়াড়ি যাত্রীবেশে একটি ব্যাটারিচালিত রিকশা ভাড়া করেন। বগুড়া সদরের ঘোড়াধাপ এলাকায় তাঁরা চালককে খুন করে রিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন বলে পুলিশ জানায়।
জেলা প্রশাসনের কর্মকর্তা সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাসেও মাইক বাজিয়ে রাতভর চলছে জুয়া-হাউজি। এতে শহরবাসী ত্যক্তবিরক্ত। কেউ কেউ জুয়া-হাউজি বন্ধে জেলা প্রশাসকের কাছে নালিশ করেন। ফলে জেলা প্রশাসকের নির্দেশে বগুড়ার নেজারত ডেপুটি কালেকটর (এনডিসি) ও নির্বাহী হাকিম হাবিবুল হাসান এবং নির্বাহী হাকিম জাকির হোসেন গত ২০ জুন র্যাব-পুলিশ নিয়ে অভিযান চালান। এ সময় প্রকাশ্যে প্যান্ডেলে জুয়া-হাউজি চালানোর দায়ে বেশ কিছু সরঞ্জাম জব্দ করেন তাঁরা। পাশাপাশি হাইকোর্টের নির্দেশ মোতাবেক ইনডোর নিশ্চিত না করা পর্যন্ত আসর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে দুই নির্বাহী হাকিম ঘটনাস্থল ত্যাগ করার পরপরই মাইকে ঘোষণা দিয়ে জুয়া-হাউজি চালু করা হয় বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান। তবে গত বুধ ও বৃহস্পতিবার রাতে জুয়া চলেনি বলে জানা যায়।
জানতে চাইলে আওয়ামী লীগের নেতা আবদুল মান্নান বলেন, ‘হাউজি একটি বৈধ খেলা। আমরা হাইকোর্টের অনুমতি সাপেক্ষেই তা চালাচ্ছি। হাউজি ছাড়া অবৈধ কিছু চালাচ্ছি না। কাজেই প্রশাসনের খেলা বন্ধ করার কোনো এখতিয়ার নেই।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বগুড়ার মতো শহরে ইনডোরে হাউজি চালানো অত্যন্ত ব্যয়বহুল বলে তাঁরা খোলা মাঠে প্যান্ডেলে তা চালাচ্ছেন।
জানতে চাইলে নির্বাহী হাকিম হাবিবুল হাসান প্রথম আলোকে বলেন, হাইকোর্টের অনুমতির ব্যত্যয় ঘটিয়ে সেখানে খোলা মাঠে প্যান্ডেলে জুয়া-হাউজি চলছিল। এ জন্য বেশ কিছু সরঞ্জাম আটক করা হয় এবং ইনডোর নিশ্চিত না করা পর্যন্ত আসর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তা লঙ্ঘন করে পুনরায় জুয়া-হাউজির আসর বসানো হলে জেলা প্রশাসন পরবর্তী ব্যবস্থা নেবে।
জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন বলেন, ‘কাগজপত্র যাচাই করে দেখছি। হাইকোর্টের নির্দেশনার কোনো ব্যত্যয় ঘটলে কোনো ছাড় দেওয়া হবে না।’