'ইন্ধনদাতাদের' বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল মানববন্ধন করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার্স, জনউদ্যোগ ও ইয়ুথ ফর পিস অ্যান্ড জাস্টিসের সদস্যরা l ছবি: প্রথম আলো
দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল মানববন্ধন করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার্স, জনউদ্যোগ ও ইয়ুথ ফর পিস অ্যান্ড জাস্টিসের সদস্যরা l ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুসম্প্রদায়ের বাড়িঘর-মন্দিরে হামলা, লুট ও অগ্নিসংযোগের ১৩ দিন পার হলো গতকাল শনিবার। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সন্দেহভাজন ব্যক্তিদের অনেকে নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখলেও এবং বাড়িতে না থাকলেও এলাকায় ঘোরাফেরা করছেন। পুলিশ বলেছে, সন্দেহভাজন ব্যক্তিদের তালিকায় থাকা ১০-১৫ জন জনপ্রতিনিধিকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি।
গতকাল শনিবার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় বাজারে গিয়ে দেখা যায়, হামলার ঘটনায় বহুল আলোচিত জাহাঙ্গীর আলম, বিল্লাল মিয়া ও দেওয়ান রুবেলের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি ঘটনার ‘নেপথ্য ব্যক্তিদের অন্যতম’ হরিপুর ইউপির চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমানকে।
অনুসন্ধানে জানা গেছে, গত ৩০ অক্টোবর হামলার দিন ১০-১৫টি ট্রাকে করে লোকজন হরিণবেড় বাজার থেকে ঘটনাস্থলে যান। ট্রাকগুলো হবিগঞ্জের মাধবপুর উপজেলার ট্রাকস্ট্যান্ড থেকে ভাড়া করা হয়েছিল। সকাল নয়টা-সাড়ে নয়টার মধ্যে সাতটি খালি ট্রাক মাধবপুর থেকে হরিণবেড় যায়। পরে হরিণবেড় বাজার থেকে দুটি ট্রাক্টর, একটি পিকআপভ্যান ভাড়া করেন দেওয়ান রুবেল।
মাধবপুর উপজেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি তৌফিকুল ইসলাম ওরফে বাদল বলেন, ওই দিন মাধবপুর থেকে সাতটি ট্রাক ভাড়া করা হয়েছিল। প্রতিটি ট্রাকের জন্য তিন হাজার টাকা করে দেন জাহাঙ্গীর আলম।
ভাড়া করা ট্রাকগুলোর চালক ফারুক মিয়া, জাহাঙ্গীর মিয়া, রাসেল মিয়া, পারভেজ মিয়া ও আহাদ মিয়ার সঙ্গে প্রথম আলোর কথা হয়। চালকেরা ওই তথ্য নিশ্চিত করে বলেন, সকালে তাঁরা ট্রাক নিয়ে হরিণবেড় বাজারে গেলে সেখান থেকে প্রতি ট্রাকে ৫০-৬০ জন করে কিশোর-তরুণ ওঠেন। তাঁরা আরও বলেন, ঘটনার আগের দিন হরিণবেড় থেকে জাহাঙ্গীর আলম, দেওয়ান রুবেল ও অপর এক ব্যক্তি ট্রাক ভাড়া করতে একটি মোটরসাইকেলে মাধবপুর যান।
এলাকাবাসীর অভিযোগ, জাহাঙ্গীর আলমই প্রথম রসরাজ দাসের ফেসবুক পাতার ধর্ম অবমাননাকর কথিত পোস্টটি প্রিন্ট করে এলাকায় বিতরণ করেন। হরিণবেড় বাজারে আল আমিন সাইবার পয়েন্ট অ্যান্ড স্টুডিওর মালিক জাহাঙ্গীর আলম হরিপুর ইউনিয়ন যুবদলের সদস্য। তবে তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী দেওয়ান আতিকুর রহমানের পক্ষে কাজ করেছেন।
দেওয়ান রুবেল চেয়ারম্যান আতিকুরের বড় ভাই। হরিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল মিয়াও আতিকুরের পক্ষে ইউপি নির্বাচনে কাজ করেছেন বলে জানান স্থানীয় লোকজন। উল্লিখিত ব্যক্তিরা আতিকুরের পক্ষে কোনো না কোনো পর্যায়ে ট্রাক ভাড়া করে নাসিরনগর সদরে নিয়ে গেছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, হামলার পেছনে জেলা আওয়ামী লীগের কিছু নেতার সঙ্গে মন্ত্রী ছায়েদুল হকের দ্বন্দ্বের বিষয়টিও পুলিশের তদন্তে উঠে এসেছে।
সন্দেহভাজন এই ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হলে মনিরুজ্জামান সরকার, শেখ আবদুল আহাদ, আদেশ চন্দ্র দেব ও বিউটি কানিজ ঘটনার পেছনে তাঁদের ইন্ধন রয়েছে, এমন অভিযোগ অস্বীকার করেছেন।

এ ছাড়া ইউপি চেয়ারম্যান আতিকুরও অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি হিন্দুদের রক্ষা করেছি। আমার ভাই এসবের সঙ্গে জড়িত নয়।’ দেওয়ান রুবেল বলেন, ‘আমি ঘটনার সঙ্গে জড়িত নই।’ জাহাঙ্গীর আলমের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

মতবিনিময় সভা: জেলা পুলিশের উদ্যোগে গতকাল নাসিরনগর থানা চত্বরে উপজেলার ১৩টি ইউপির চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফরের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান উপস্থিত ছিলেন না।